জাতীয় সংবাদ

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ

প্রবাহ রিপোর্ট : নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ) নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে জনগণপন্থি রাজনৈতিক শক্তি গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। গতকাল শুক্রবার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে নতুন এ প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়। ‘জনগণের শক্তি, আগামীর মুক্তি’এ স্লোগান সামনে রেখে যাত্রা শুরু করা প্ল্যাটফর্মটি পাঁচটি মূলনীতি ও সাতটি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এনপিএ তাদের কার্যক্রম শুরু করেছে। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ-প্রকৃতি-পরিবেশের সুরক্ষা তাদের মূলমন্ত্র। এনপিএ’র পক্ষ থেকে জানানো হয়, দেশের বিদ্যমান শাসনকেন্দ্রিক ক্ষমতাকাঠামো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের পরিবর্তে শাসকগোষ্ঠীর অনুগত করে তুলেছে। ফলে জনগণের রক্ষক প্রতিষ্ঠানগুলোই ক্ষমতাচর্চা ও সম্পদ আহরণের অংশীদার হয়ে গেছে। এ পরিস্থিতি পরিবর্তনের লক্ষ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের অধিকার রক্ষা ও সেবাভিত্তিক কাঠামোয় রূপান্তর করার উদ্যোগ নেবে প্ল্যাটফর্মটি। প্ল্যাটফর্মটির ঘোষণায়- আইন, নির্বাহী ও বিচার বিভাগের কার্যকর ও পূর্ণ পৃথকীকরণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ক্ষমতার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে শক্তিশালী, আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ এবং কেন্দ্রের প্রভাবমুক্ত স্থানীয় সরকারব্যবস্থার গুরুত্বারোপ করা হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে লুটপাট, দুর্নীতি ও সিন্ডিকেটভিত্তিক ব্যবস্থার আমূল পরিবর্তনের পরিকল্পনা প্রকাশ করেছে এনপিএ। তাদের লক্ষ্য স্বনির্ভর, উৎপাদনমুখী ও জনকল্যাণভিত্তিক অর্থনীতি গড়ে তোলা। কৃষিতে উৎপাদন ব্যয় কমানো, সহজ কৃষিঋণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে ভর্তুকি প্রদান এবং শিল্পশ্রমিকদের জন্য সম্মানজনক মজুরি কাঠামো বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি প্রগতিশীল করব্যবস্থা চালুর মাধ্যমে বৈষম্য হ্রাস এবং রাষ্ট্রীয় আয় বাড়ানোর কথাও জানানো হয়েছে। পরিবেশ ও জলবায়ু সংকট নিয়েও অবস্থান তুলে ধরে প্ল্যাটফর্মটি জানায়, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশে অপরিকল্পিত উন্নয়ন ও মেগা প্রকল্প প্রাণ-প্রকৃতি ও পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। নদী দখল, বন উজাড়, দূষণ ও অনিয়ন্ত্রিত নগরায়নের বিরুদ্ধে অবস্থান নিয়ে টেকসই উন্নয়নের মাধ্যমে একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্ল্যাটফর্মটি। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাকে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে এনপিএ জানায়, জাতি, ধর্ম, লিঙ্গ ও শ্রেণি নির্বিশেষে সব নাগরিকের জন্য সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করতে কাজ করবে তারা। মতপ্রকাশ ও ধর্মীয় স্বাধীনতা রক্ষার পাশাপাশি জানমালের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেওয়া হয়। জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা একাংশ সদস্য ও বামপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত বিভিন্ন অ্যাকটিভিস্টকে নিয়ে তৈরি করা হয়েছে এ প্ল্যাটফর্ম। এদিকে, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে অন্তত ২৮টির বেশি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button