আজ রাজনৈতিক দলের প্রতিনিধিদের ব্রিফ করবে ইসি

প্রবাহ রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পোস্টাল ভোটবিডি অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম সম্পর্কে রাজনৈতিক দলের প্রতিনিধিদের ব্রিফ করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ইসি সচিবালয়ের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে এরই মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রার্থীদের আপিল শুনানি সম্পন্ন করা হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ, ২২ জানুয়ারি প্রচার প্রচারণা শুরু। প্রতীক বরাদ্দের পর থেকে দেশ এবং দেশের বাইরে থেকে পোস্টাল ভোটবিডি অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ভোট দেবেন ভোটাররা। ভোট সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়ার লক্ষ্যে নি¤œবর্ণিত সময়সূচি অনুসারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর টেকনিক্যাল জ্ঞানসম্পন্ন দুজন করে প্রতিনিধি এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থী নিজে অথবা তাদের মনোনীত টেকনিক্যাল জ্ঞানসম্পন্ন উপযুক্ত প্রতিনিধিকে যোগদান করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।



