বাগেরহাট- ৩ আসনের বিএনপির প্রার্থী ড. ফরিদের নির্বাচনি প্রচারনা

# সুন্দরবনের দুবলার শুঁটকি পল্লীতে #
বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের লোকালয় থেকে প্রত্যান্ত অঞ্চলে বঙ্গোপসাগর উপকূলে সুন্দরবনের দুবলার অস্থায়ী শুঁটকি পল্লীতে গিয়ে ভোটারদের সাথে মতবিনিময় করে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বাগেরহাট- ৩ আসনের বিএনপি দলীয় প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। শনিবার সকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের অধীন দুবলার আলোরকোল, নারকেলবাড়িয়া ও শেলারচরের অস্থায়ী শুঁটকি পল্লীতে থাকা রামপাল- মোংলার ১০ হাজারের অধিক জেলে ও মৎস্য ব্যবসায়িদের কাছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ‘সবার আগে বংলাদেশ’ ভাবনা তুলে ধরে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী ড. ফরিদুল ইসলাম। দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় বাগেরহাট- ৩ আসনের বিএনপির প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, দেশের সর্ববৃহত এই শুঁটকি পল্লীতে অনেক প্রতিকূলতার মধ্যে থেকে ২০ হাজারের অধীক জেলে ও মৎস্য ব্যবসায়িরা সমুদ্র ও সুন্দরবনের নদী-খাল থেকে মৎস্য আহরণ করেন। এখানের এই শুঁটকি মাছ বিদেশে রপ্তানী করে দেশ বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। বিএনপি ক্ষমতায় গেলে সুন্দরবনকে দস্যুমুক্ত করাসহ, দুবলার অস্থায়ী শুঁটকি পল্লীতে প্রতিবছর নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এই ৫ মাস জেলে ও মৎস্য ব্যবসায়িদের চিকিৎসাসেবা নিশ্চিতে সরকারি উদ্যোগে ওষূধসহ ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও অস্থায়ি মৎস্য অবতরন জেটি করা হবে বলেও জানান এই বিএনপির প্রার্থী। মতবিনিময় সভা শেষে বিএনপির এই প্রার্থী সুন্দরবনের দুবলার ৫টি চরে অস্থায়ী শুঁটকি পল্লীতে গিয়ে ভোটারদের কাছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার উন্নয়ন ভাবনাসহ ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন।

