নড়াইলে ৯ম পে স্কেলসহ ৭ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ

নড়াইল প্রতিনিধি ঃ সরকার ঘোষিত পে কমিশনের সুপারিশ অনুযায়ী বৈষম্যহীন ৯ম পে স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালন করেছে সরকারি কর্মচারীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, নড়াইল জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের শত শত কর্মচারী অংশ নেন।
অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নড়াইল আদালত সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নড়াইল জেলা শাখার প্রধান উপদেষ্টা গাজী কামরুল ইসলাম, সভাপতি এনামুল ইসলাম, সহ-সভাপতি গোলাম হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামস লাবিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে আমরা চরম অর্থকষ্টে দিনাতিপাত করছি। আমাদের এখন অফিসে থেকে জনগণের সেবা করার কথা থাকলেও ন্যায্য দাবি আদায়ের লক্ষে বাধ্য হয়ে রাজপথে নামতে হয়েছে। সরকার আমাদের দাবি না মানলে আমরা ঘরে ফিরব না।”
নেতৃবৃন্দ আরও জানান, ৩ দিনব্যাপী এই কর্মসূচির শেষ দিন আগামীকালও (৩ ফেব্রুয়ারি) বিক্ষোভ চলবে। দাবি আদায় না হলে আগামী ৬ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওসহ আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা।



