পাকিস্তানের বেলুচিস্তানে নিহত হলো আরও ২২ বিচ্ছিন্নতাবাদী

প্রবাহ ডেস্ক : নিরাপত্তা বাহিনীর অভিযানে আরও ২২ জন বিচ্ছিন্নতাবাদী নিহত পাকিস্তানের বেলুচিস্তানে । এতে গত তিন দিনে নিহত বিচ্ছিন্নতাবাদীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৭ জনে। গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) দেশটির নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও পুলিশ যৌথভাবে বিচ্ছিন্নতাবাদী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। তারা আরও জানায়, ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সঙ্গে যুক্ত বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানে আরও হতাহত ও নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর আগে রোববার প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছিলেন, বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৫০ জনের বেশি বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। এর আগে বিচ্ছিন্নতাবাদীরা বেলুচিস্তানের ১২টি শহরে একযোগে হামলা চালায়। এসব হামলায় কোয়েটা, মাস্তুং, নুশকি, ডালবন্দিন, খারান, পাঞ্জগুর, তুম্প, গওয়াদার ও পাসনিসহ বিভিন্ন এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়। নিষিদ্ধ সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) পরিচালিত এসব হামলায় অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক ও ১৭ জন নিরাপত্তা সদস্য নিহত হন বলে মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে নিশ্চিত করেন। তিনি বলেন, বেলুচিস্তানের সমস্যা রাজনৈতিক নয় এবং এটি মূলত সামরিক পদক্ষেপের মাধ্যমেই সমাধান করা সম্ভব। এর আগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ভারত-এর নির্দেশে কিছু শত্রুপক্ষ পাকিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি প্রশ্ন তোলেন, বিএলএ কি কোনো নিবন্ধিত রাজনৈতিক দল, যার সঙ্গে আলোচনা করা যায়? মুখ্যমন্ত্রী জানান, চাইলে মর্টারসহ ভারী অস্ত্র ব্যবহার করে বিচ্ছিন্নতাবাদীদের নির্মূল করা যেতো, কিন্তু বেসামরিক প্রাণহানি এড়াতে তা করা হয়নি। সূত্র: জিও নিউজ



