সুবিধা বঞ্চিত শিশুদের সিইউসি স্কুলের শুরু হল কর্মজীবী শিশুদের বিনামূল্যে শিক্ষা কার্যক্রম

খবর বিজ্ঞপ্তি ঃ সুবিধাবঞ্চিত ও কর্মজীবী শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদানের লক্ষ্যে সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজ্ড চাইল্ড (সিইউসি) পরিচালিত সিইউসি স্কুলে নতুন করে যুক্ত হলো কর্মজীবী শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা কার্যক্রম। গতকাল ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে খুলনার ৬১, সাউথ সেন্টাল রোড, নার্গিস মেমোরিয়াল হাসপাতাল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউসির সভাপতি জনাব মোঃ শাহিন হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিইউসি স্কুলের প্রধান শিক্ষক মোঃ মুজাহিদ হোসেন মিরাজ, সহকারী শিক্ষক আরিফা ইসলাম খুকুমণি, ঝরনা বেগমসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও শুভানুধ্যায়ীরা। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোঃ শাহিন হোসেন বলেন, দারিদ্র্যের কারণে বাংলাদেশে বহু শিশু শ্রমে নিয়োজিত থাকলেও তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি। সিইউসির উদ্যোগে সুবিধাবঞ্চিত, পথশিশু ও শ্রমজীবী শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা, উপানুষ্ঠানিক পাঠদান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে, যাতে তারা কাজের পাশাপাশি লেখাপড়া চালিয়ে যেতে পারে। ভবিষ্যতে এসব শিশুদের কারিগরি শিক্ষার আওতায় আনার পরিকল্পনাও রয়েছে। সিইউসি সংগঠনের লক্ষ্য ঝরে পড়া শিশুদের শিক্ষার মূল ধারায় ফিরিয়ে এনে তাদের ভবিষ্যৎ জীবনের ভিত্তি শক্ত করা।



