স্থানীয় সংবাদ

নগরীতে চালকের মাথায় আঘাত করে রিকশা নিয়ে গেল ছিনতাইকারী

স্টাফ রিপোর্টার : আহত রিকশাচালক রনির এখনো জ্ঞান ফেরেনি। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি।

এর আগে মঙ্গলবার সকালে যাত্রীবেশে এক দুর্বৃত্ত বড় মির্জাপুর হয়ে মির্জাপুর ক্রসরোড এলাকায় প্রবেশ করে হাতুড়ি দিয়ে রিকশাচালক রনির মাথায় পরপর পাঁচটি আঘাত করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত রিকশাচালকের স্ত্রী মুক্তা জানান, তার স্বামী রনি পেশায় একজন অটোরিকশাচালক ও মিস্ত্রি। প্রায় এক মাস আগে একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে একটি অটোরিকশা কেনেন তিনি।
তিনি আরও জানান, মঙ্গলবার ফজরের নামাজ শেষে রনি রিকশাটি গ্যারেজ থেকে বের করেন। সকাল সাড়ে ৯টার দিকে খবর পান, দুর্বৃত্তরা রনিকে মারধর করে রিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিলে মঙ্গলবার বেলা ১১টার দিকে তাকে খুলনা থেকে নিয়ে দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে বুধবার সকালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। তবে এখনো তার জ্ঞান ফেরেনি।
মুক্তা আরও বলেন, আগামী ১০ ফেব্রুয়ারি তাদের এনজিওর প্রথম কিস্তি পরিশোধ করার কথা রয়েছে। তাদের সংসারে সাত বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। রনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দুর্বৃত্তরা তাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে রিকশাটি নিয়ে যাওয়ায় পরিবারটি চরম বিপদে পড়েছে। তিনি সবার কাছে তার স্বামীর সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
এদিকে খুলনা থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে সন্ধ্যার পর আহত রনির শ্বশুর থানায় আসতে পারেন বলে জানা গেছে। দুর্বৃত্তকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে তার ছবি পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button