নগরীতে তুচ্ছ বিষয় নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত, আহত-৩

স্টাফ রিপোর্টার :
খুলনা মহানগরীর সদর থানাধীন ডাকবাংলা নিক্সন মার্কেট এলাকায় তুচ্ছ ঘটনায় তর্ক-বিতর্ককে কেন্দ্র করে মারামারির ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে নিক্সন মার্কেট যুবলীগ অফিসের সামনে। তবে, বিষয়টিকে কেউ কেউ নির্বাচন সংক্রান্ত বলে জানিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায়, সকালে দু’টি পরিবারের বাচ্চাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে রাতে ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় বাবুল মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধ মারামারি থামাতে এগিয়ে এলে তাকে কিল-ঘুষি মেরে গুরুতর আহত করা হয়। পরে তার স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বাবুল মোল্লা নিক্সন মার্কেট এলাকার বাসিন্দা। তার পিতা মৃত লালচান মোল্লা।এ ঘটনায় আহত হয়েছেন তিন জন। তারা হলেন, সাব্বির (২৫), রমজান (৩৫) ও জাবেদ (৪০) । তারা সকলেই নিক্সন মার্কেট এলাকার বাসিন্দা। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, দু’টি পরিবারের বাচ্চাদের মধ্যে পানি ছিটানোকে কেন্দ্র করে সকালে ঝগড়া হয়। ওই ইস্যু নিয়ে রাতে আবার তাদের মধ্যে বিবাদ তৈরি হয়। এ সময় বাবুল মোল্লা ঠেকাতে গিয়ে আহত হন। পরে হাসপাতালে তিনি মারা যান।



