বটিয়াঘাটায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আইডিয়াল এগ্রো ফার্ম এর মহাসড়কে ডাইভারশন করে বালু উত্তোলন

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনা-চালনা মহাসড়কের বটিয়াঘাটা অংশে আইনকে তোয়াক্কা না করেই সড়কের ওপর অবৈধ ডাইভারশন সৃষ্টি করে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে মেসার্স আইডিয়াল এগ্রো ফার্ম নামক একটি প্রতিষ্ঠান। এতে প্রতিনিয়ত ঘটছে ভয়াবহ দুর্ঘটনা, বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ ও আতঙ্ক।
গত শুক্রবার রাতে এই অবৈধ ডাইভারশনের কারণে পরপর দুটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে। এতে কয়েকজন গুরুতর আহত হন।
আহত মোটরসাইকেল চালক ওয়াহিদুল ইসলাম বলেন, রাতে আলো খুবই কম ছিল। হঠাৎ করেই রাস্তার ওপর দেওয়া ডাইভারশনটা চোখে পড়েনি। বুঝে ওঠার আগেই মোটরসাইকেল উল্টে যায়। আমি মারাত্মকভাবে আহত হই। এব্যাপারে একাধিক ইজিবাইক চালকরাও ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে যাত্রী নিয়ে চলাচল করি। কিন্তু হঠাৎ করে রাস্তার ওপর ইট সুড়কি দিয়ে ডাইভারশন দেওয়া হয়েছে, কোনো সাইনবোর্ড নেই, আলো নেই। আমরা তো মৃত্যুর ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছি। কেউ দেখার নেই?
স্থানীয় সাধারণ মানুষ অভিযোগ করে বলেন, এই এগ্রো ফার্ম দিনের পর দিন প্রকাশ্যে বালু উত্তোলনের জন্য রাস্তার উপর ডাইভারশন দিচ্ছে। প্রশাসন সব দেখেও চুপ। দুর্ঘটনা ঘটলেই শুধু লোক দেখানো তদন্ত হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না।
এ বিষয়ে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ থান্দার কামরুজ্জামান বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। মহাসড়কে এভাবে ডাইভারশন দিয়ে বালু উত্তোলন করা সম্পূর্ণ অবৈধ। দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগ অস্বীকার করে মেসার্স আইডিয়াল এগ্রো ফার্মের প্রতিনিধি মোঃ সেলিম হোসেন বলেন, আমরা উপজেলা প্রশাসনের প্রাথমিক অনুমতি নিয়ে ডাইভারশন করেছি।
এদিকে স্থানীয়রা বলছেন, “সাময়িক” কাজের অজুহাতে যদি এভাবে মহা-সড়ককে মৃত্যুফাঁদে পরিণত করা হয়, তাহলে এর দায় কে নেবে?



