স্থানীয় সংবাদ

নগরীতে আহত জুলাইযোদ্ধাকে চিরকুট পাঠিয়ে হুমকি ঃ থানায় জিডি

স্টাফ রিপোর্টার ঃ খুলনার সোনাডাঙ্গা থানাধীন পশ্চিম বানিয়ামামার এলাকায় চিরকুট পাঠিয়ে হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আহত জুলাইযোদ্ধা মোঃ হুযাইফা শেখ ।
জিডি সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ হুযাইফা শেখ শুক্রবার সকালে তার বাড়ির দরজার ভেতরে একটি হুমকিমূলক চিরকুট পান। চিরকুটে তার নাম উল্লেখ করে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।
চিরকুটে লেখা ছিল, দীর্ঘদিন ধরে তাকে নজরদারিতে রাখা হচ্ছে এবং তার কর্মকান্ড ভালো না হওয়ায় যেকোনো সময় তার ক্ষতি করা হতে পারে। বাড়ি থেকে বের হওয়ার সময় সতর্ক থাকার কথাও উল্লেখ করা হয়। চিরকুটে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ না থাকলেও শেষে ‘ইতি তোর আব্বা’ নামে স্বাক্ষর করা ছিল।
ভুক্তভোগী হুযাইফা শেখ জানান, হুমকির ঘটনায় তিনি ও তার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে এই আশঙ্কায় বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানায়, অভিযোগটি আমলে নিয়ে সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button