স্থানীয় সংবাদ

বাগেরহাটের কচুয়ায় ভোটের মাঠ রণক্ষেত্র, দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত : মোটরসাইকেল ভাংচুর

# ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ #

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট জেলা সদর আসনের কচুয়া উপজেলায় নির্বাচনী উত্তেজনা সহিংসতায় রূপ নিয়েছে। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপির সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিমের ঘোড়া ও ব্যারিষ্টার জাকিরের ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে শুক্রবার বিকেলে স্থানীয় গোপালপুর ইউনিয়নের ধোপাবাড়ি পোল এলাকায় সর্বশেষ এই সহিংসতার ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ধানের শীষ প্রতীকের প্রচারণা চলাকালে প্রতিপক্ষ ঘোড়া প্রতীকের সমর্থকদের সঙ্গে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে মো. জাহাঙ্গীর হোসেন (৪৮) গুরুতর আহত হন। পরে তাকে বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। একই ঘটনায় আরও দুইজন আহত হন। একই দিন গোপালপুর এলাকায় ঘোড়া প্রতীকের কর্মী রিয়াদ ও মুরাদের ২টি মটরসাইকেল ভাংচুর করে ধানের শীষের সমর্থকরা। এর আগে বৃহস্পতিবার রাতেও গোপালপুর এলাকায় দুই প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় ঘোড়া প্রতীকের একটি নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে উভয় পক্ষের দুই কর্মী আহত হন। এ সব ঘটনায় কচুয়া থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। আহত জাহাঙ্গীর হোসেন বলেন, তিনি মোটরসাইকেলে করে গোপালপুর যাচ্ছিলেন, এ সময় কয়েকজন তাকে পথরোধ করে লাঠি দিয়ে মারধর করে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এদিকে নির্বাচনী পরিবেশ নিয়ে অভিযোগ তুলে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ঘোড়া প্রতীকের প্রার্থীর নির্বাচনী টিম। তারা প্রচারণায় বাধা, কার্যালয় ভাঙচুর ও কর্মীদের ওপর হামলার অভিযোগ করেছেন এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা দাবি করেছেন। অন্যদিকে ধানের শীষ প্রতীকের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করে বলা হয়েছে, তাদের প্রচারণা ও পোস্টারেও বাধা দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে কচুয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, উভয় পক্ষের অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসনও জানিয়েছে, বিষয়গুলো নির্বাচন অনুসন্ধান কমিটির মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button