উন্নয়ন বঞ্চনার অবসান ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের আহ্বান

# দিঘলিয়ায় ধানের শীষের উঠান বৈঠকে শফিকুল আলম মনা #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, দীর্ঘদিন পর মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। দিঘলিয়ার উন্নয়ন, তরুণদের ভবিষ্যৎ এবং দেশের গণতন্ত্র রক্ষায় ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আজিজুল বারী হেলালকে জয়যুক্ত করতে হবে। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা-০৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দিঘলিয়া উপজেলার লাখোহাটি মধ্যপাড়ায় আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, দিঘলিয়া ভৌগোলিকভাবে খুলনা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জনপদ হলেও দীর্ঘদিন ধরে অবহেলিত। নদীবেষ্টিত এ অঞ্চলে যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থার কাক্সিক্ষত উন্নয়ন না হওয়ায় মানুষের জীবনযাত্রা আজও ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য। বর্ষা মৌসুমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ে। তিনি আরও বলেন, আজিজুল বারী হেলাল নির্বাচিত হলে দিঘলিয়ায় আধুনিক হাসপাতাল নির্মাণ, মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা, যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। নদী ও খালের ওপর প্রয়োজনীয় স্থানে ঝুলন্ত ব্রিজ নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আনা হবে, যাতে কৃষিপণ্য পরিবহন ও সাধারণ মানুষের যাতায়াত সহজ হয়। বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, এই ৩১ দফা শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার একটি পূর্ণাঙ্গ রূপরেখা। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, সুশাসন ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ। আজিজুল বারী হেলাল নির্বাচিত হলে দিঘলিয়ায় এই ৩১ দফার বাস্তবায়ন বাস্তব ও দৃশ্যমান হবে। সভায় বক্তারা বলেন, খুলনা-০৪ আসন দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। এ অঞ্চলের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার ভোটের মাধ্যমে সেই বঞ্চনার অবসান ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তারা। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন দিঘলিয়া থানা বিএনপির সভাপতি মোঃ সাইফুর রহমান মিন্টু। এতে উপস্থিত ছিলেন শরিফ ইকবাল হোসেন, শরীফ মোজাম্মেল হোসেন, মুর্শিদুর রহমান লিটন, গাজী জাকির হোসেন সালাউদ্দিন মোল্লা বুলবুল, কাজী সান্টু, মোঃ শফিউদ্দিন শফি, আলম চৌধুরী, কুদরতে এলাহী স্পিকার, আব্দুল কাদের জনি, মনিরুল গাজী, মোহাম্মদ হিমেল গাজী, মোহাম্মদ আলী টুটুল, শেখ জাকির হোসেন, নুরুজ্জামান শেখ, কামাল মেম্বার, আনোয়ার ফারাজি, আজাদ শেখ, শওকত শেখ, শহিদুল ইসলাম রাব্বি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক এলাকাবাসী।



