স্থানীয় সংবাদ

জনগণের ‘বকুল’ হয়েই আমৃত্যু পাশে থাকতে চাই: রকিবুল ইসলাম বকুল

স্টাফ রিপোর্টার ঃ ছাত্রজীবন থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় এই শহরের মানুষের সঙ্গে আমার নিবিড় যোগসূত্র তৈরি হয়েছে। সেই গভীর সম্পর্কের কথা তুলে ধরে বকুল বলেন, এই মাটির প্রতিটি ধূলিকণা আর মানুষের ভালোবাসার সঙ্গেই আমার বেড়ে ওঠা। তাই এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করা কেবল আমার রাজনৈতিক দায়িত্ব নয়, বরং এটি আমার অন্তরের তাগিদ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। রবিবার (৮ ফেব্রুয়ারি ) দুপুরে খালিশপুর থানার ১২ নং ওয়ার্ডে খালিশপুর থানার পাশে প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল এবং শিক্ষিত বেকার তরুন তরুণীদের বেকার সমস্যা দূরীকরণ ভাবনা শীর্ষক এক আলোচনা সভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। বক্তব্য চলাকালীন তিনি অতীতের দিনগুলোর কথা স্মরণ করে বলেন, জীবনের সোনালী সময়গুলো আমি এই এলাকার মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে ব্যয় করেছি। রাজনীতির দীর্ঘ পথচলায় চড়াই-উতরাই থাকলেও খুলনার মানুষের প্রতি আমার মমত্ববোধ কখনো কমেনি। নির্বাচন কেবল একটি গণতান্ত্রিক প্রক্রিয়া মাত্র, যেখানে হার-জিত থাকবেই। তবে ভোটের ফলাফল যা-ই হোক না কেন, মানুষের প্রতি আমার দায়বদ্ধতা ও ভালোবাসা বিন্দুমাত্র কমে যাবে না। অতীতে যেভাবে সাধারণ মানুষের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দিয়েছি, আগামী দিনেও ঠিক সেভাবেই মানুষের পাশে থাকবো বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। রকিবুল ইসলাম বকুল আরও বলেন, বড় কোনো রাজনৈতিক নেতা বা পদাধিকারী হিসেবে নয়, এই এলাকার মানুষের কাছে আমি চিরকাল তাদেরই ঘরের সন্তান ‘বকুল’ হয়ে বেঁচে থাকতে চাই। আমার কাছে ক্ষমতার চেয়েও মানুষের হৃদয়ে স্থান পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, পদ-পদবি চিরস্থায়ী নয়। কিন্তু মানুষের ভালোবাসা ও দোয়া মানুষের আমৃত্যু সঙ্গী হয়। পরিশেষে আমি এলাকাবাসীকে আশ্বস্ত করে বলতে চাই, যতদিন বেঁচে থাকবো, এই এলাকার প্রতিটি মানুষের সুখে-দুখে আমি ছায়ার মতো পাশে থাকবো। এলাকার উন্নয়ন, শান্তি এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমি কোনো আপস করবো না। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ন আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম, খালিশপুর থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ফজলে হালিম লিটন। খালিশপুর থানার ১২ নং ওয়ার্ডে আয়োজিত প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও পথসভাগুলোতে থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। একই দিন বিকেলে দৌলতপুর থানার ৩ নম্বর ওয়ার্ডের কার্তিক কুল, ঘোষপাড়া, নয়াপাড়া, সাহাপাড়া সহ বিভিন্ন এলাকায় ব্যাপক গন সংযোগ করেন। এ সময় ওয়ার্ড ও ইউনিট বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button