স্থানীয় সংবাদ

জুলাই অভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশকে আর পথ হারাতে দেবো না : মিয়া গোলাম পরওয়ার

# ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে বিশাল নির্বাচনী জনসভা #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশের রাজনীতিতে পুরনো দিনের ভূত আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। তিনি অভিযোগ করেন, একসময় দেশের রাজনীতিতে সন্ত্রাস ও গুন্ডামির ভূত এবং লুটপাট, চাঁদাবাজি ও দুর্নীতির ভূত ছিল এখন সেই চক্র আবার ক্ষমতায় ফেরার পাঁয়তারা করছে। তিনি বলেন, দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, শিল্পোদ্যোক্তা ও প্রবাসীদের সম্মিলিত পরিশ্রমে অর্থনীতির চাকা সচল থাকলেও দুর্নীতিবাজ রাজনীতিকদের কারণে কাক্সিক্ষত উন্নয়ন হচ্ছে না। তিনি একটি উপমা টেনে বলেন, পাঁচ ভাই-বোন সারাদিন পরিশ্রম করে যা আয় করে, রাতের অন্ধকারে একজন সব লুট করে নেয়, তাহলে সেই সংসারে কখনও স্বাচ্ছন্দ্য আসতে পারে না। আজ বাংলাদেশে একই অবস্থা। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের অর্থনৈতিক কাঠামোয় গুণগত পরিবর্তন হয়নি। তার ভাষায়, আগে বিদেশী শাসকরা এদেশের সম্পদ লুটে নিজেদের দেশে নিয়ে যেত, এখন দেশীয় শাসকরা সেই সম্পদ বিদেশে পাচার করে। তিনি অভিযোগ করেন, বছরে কোটি কোটি, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। এ জন্য দেশের মানুষ আর দুর্নীতিবাজ ও লুটেরা গোষ্ঠীকে ক্ষমতায় দেখতে চায় না। এ প্রেক্ষাপটে ১১টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত নির্বাচনী ঐক্যের পক্ষে ভোট চান তিনি। তার বক্তব্য অনুযায়ী, টেকনাফ থেকে তেতুলিয়া গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের হাতে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিয়ে খুলনার ছয়টি আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার স্বাধীনতা চত্বরে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের ডুমুরিয়া উপজেলা সভাপতি মুফতি আব্দুল কাইউম জোয়াদ্দারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল খুলনা-৫ আসনের ১১ দলীয় নির্বাচনীয় ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান মাদানী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, ডাকসুর নির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা, খুলনা জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা সাইদুর রহমান ও জেলা নির্বাহী সদস্য মাওলানা শরিফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুর রহমান, ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুখতার হোসাইন, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি ডা. হরিদাস মন্ডল, ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর একরাম উদ্দিন সুমন, এবি পার্টির সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন, হিন্দু কমিটির উপজেলা সেক্রেটারি দেব প্রসাদ মন্ডল, ভা-ারপাড়া ইউনিয়ন সভাপতি ডা, নিত্যরঞ্জন রায়, খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, খুলনা জেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ফকির, জামায়াতের ডুমুরিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ বিশ্বাস প্রমুখ।
বিশেষ অতিথির বক্তৃতায় মিয়া গোলাম পরওয়ার বলেন, একটা প্রতিজ্ঞা হলো, বাংলাদেশের সব মানুষের মুখে মুখে একটা আওয়াজ, একটা আবহ তৈরি হয়েছে, যে আমরা এবার একটা পরিবর্তন চাই। সেই পরিবর্তনের অর্থ হল, গত ৫৪ বছরে যে তিনটি দল রাষ্ট্র শাসন করেছে, তাদেরকে আমরা আর চাইনা। কারণ, তারা দুর্নীতি করেছে, দলীয়করণ করেছে, লুটপাট করেছে, ভিন্ন মতের উপরে দমন-পীড়ন করেছে, দুর্বল ব্যক্তিত্ব অধিকারের উপরে হামলা করেছে, খুন করেছে, ঘরবাড়ি, মৎস্য ঘের দখল করেছে, সরকারের নদী, ঘাস, পানিÑসবকিছুই। তিনি বলেন, নতুন বাংলাদেশ ১১ দলের নেতৃত্বে, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিসসহ ছয়টি ইসলামী দল, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি), জুলাই আন্দোলনের চেতনা ধারণকারী তরুণ্যের শক্তি আর বীর মুক্তিযোদ্ধা ড. কর্ণেল অলি আহম্মেদ বীর বিক্রম, যিনি মুক্তিযুদ্ধের চেতনা ধারনকারী, সাবেক বিএনপির সিনিয়র মন্ত্রীদের একজন জীবিত সদস্য, যার নেতৃত্বে এলডিপি, তিনিও এই ১১ দলের অন্তর্ভুক্ত একটি দল। আমরা অঙ্গীকার করেছি, জুলাই অভ্যুত্থানের এক সাগর রক্ত আর কষ্টের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে আর পথ হারাতে দেবো না।
মামুনুল হক তার বক্তব্যে স্বাধীনতা-উত্তর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সমালোচনা করেন। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। তার ভাষায়, শাসকের চেহারা, ধর্ম, জাত বদলেছে; কিন্তু শোষণের চরিত্র বদলায়নি।
তিনি আরও অভিযোগ করেন, জনগণের ভাত ও ভোটের অধিকার হরণ করা হয়েছে এবং দেশে খুন-গুমের রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে। গত কয়েক বছরে সংঘটিত আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তনের আকাক্সক্ষা স্পষ্ট হয়েছে। তার দাবি, হাজারো মানুষ প্রাণ দিয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে একটি ন্যায্য অধিকারভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আশায়।
১৮ কোটি মানুষের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, আগামী নির্বাচন দেশের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করবে। দুর্নীতি, সন্ত্রাস ও লুটপাটের অবসান ঘটবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে সকালে ফুলতলা উপজেলার বাদামতলা চক্ষু হাসপাতালে মিয়া গোলাম পরওয়ারের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিএনএসবি চক্ষু হাসপাতালের চেয়ারম্যান মুন্সি মঈনুল ইসলামের সভাপতিত্ব জনসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ইউরোপীয় মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও গাউসুল আযম হাদী, খানজাহান আলী থানা আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটো, সেক্রেটারি গাজী মুর্শেদ মামুন প্রমুখ নেতৃবৃন্দ।
পরে বাংলাদেশ ক্যাবল ফ্যাক্টরিতে মিয়া গোলাম পরওয়ারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ইউরোপীয় মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা মহানগরী আমীর ও খুলনা-৩ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও গাউসুল আযম হাদী, খানজাহান আলী থানা আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটো, সেক্রেটারি গাজী মুর্শেদ মামুন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button