স্থানীয় সংবাদ

সাতক্ষীরায় নির্বাচনী অপরাধ দমনে মাঠে ১৪ বিচারক

# শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ১০ ম্যাজিস্ট্রেটের সামারি ট্রায়াল, ৪ বিচারকের অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন #

বদিউজ্জামান, সাতক্ষীরা প্রতিনিধ : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে নির্বাচনী অপরাধ দমনে মাঠে থাকবেন মোট ১৪ জন বিচারক। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ১০ জন প্রথম শ্রেণীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে। তারা ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিন নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।
একই সঙ্গে নির্বাচন পূর্ব অনিয়ম অনুসন্ধান ও বিভিন্ন অপরাধের সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনার জন্য আরও ৪ জন বিচারকের সমন্বয়ে একটি “নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি” গঠন করা হয়েছে। এই কমিটি গত ১৪ ডিসেম্বর থেকে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
বিচার বিভাগ, সাতক্ষীরার একটি দায়িত্বশীল সূত্র জানায়, দায়িত্বপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ নির্বাচনী অপরাধ আমলে নিলে তা দ্রুত সংক্ষিপ্ত পদ্ধতিতে (সামারি ট্রায়াল) নিষ্পত্তি করবেন।
সাতক্ষীরা-১ আসনের কলারোয়া উপজেলায় দায়িত্বে থাকবেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মন্ডল এবং তালা উপজেলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তনিমা মন্ডল তনি।
সাতক্ষীরা-২ আসনের সাতক্ষীরা পৌরসভা ও বাঁশদহা, কুশখালী, বৈকারী, ঘোনা, শিবপুর ও আলিপুর ইউনিয়নে দায়িত্ব পালন করবেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অর্পিতা আক্তার ও মোঃ মেহেদী হাসান। দেবহাটা উপজেলায় দায়িত্বে থাকবেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা।
সাতক্ষীরা-৩ আসনের আশাশুনি উপজেলায় দায়িত্বে থাকবেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম। কালিগঞ্জ উপজেলার চম্পাফুল, ভাড়াশিমলা, তারালি ও নলতা ইউনিয়নে দায়িত্ব পালন করবেন ঝিনাইদহ জেলা জজ আদালতের সিভিল জজ আবীর ঘোষ এবং সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার ও সিভিল জজ লিটন দাশ।
সাতক্ষীরা-৪ আসনের ভূরুলিয়া, কাশিমারী, শ্যামনগর, নূরনগর, কৈখালী ও রমজাননগর ইউনিয়নে দায়িত্বে থাকবেন ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের বিচারক (যুগ্ম জেলা জজ) মোঃ মেহেদী হাসান। শ্যামনগরের অন্যান্য ইউনিয়নে দায়িত্ব পালন করবেন সিভিল জজ হাসানুল বান্না।
এছাড়া গঠিত ৪ সদস্যের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিতে রয়েছেনÍ সাতক্ষীরা-১ আসনের তালা ও কলারোয়ার জন্য যুগ্ম জেলা ও দায়রা জজ নয়ন বিশ্বাস, সাতক্ষীরা-২ আসনের সদর ও দেবহাটার জন্য যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ এনামুল হক, সাতক্ষীরা-৩ আসনের আশাশুনি ও কালিগঞ্জের জন্য ফরিদপুরের ভাঙ্গা চৌকি আদালতের সিনিয়র সিভিল জজ শফিকুল ইসলাম এবং সাতক্ষীরা-৪ আসনের শ্যামনগরের জন্য সিভিল জজ রোকেয়া বিনতে খালেক।
কমিটি দায়িত্ব পালনকালে নির্বাচন পূর্ব কোনো অনিয়ম ঘটলে তা অনুসন্ধান করে তিন দিনের মধ্যে প্রতিবেদন জেলা নির্বাচন অফিসারের মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠাবে। পাশাপাশি দায়িত্ব পালনকালে কোনো নির্বাচনী অপরাধ নজরে এলে কমিটির সদস্যগণ সংক্ষিপ্ত পদ্ধতিতে তার বিচার করতে পারবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button