স্থানীয় সংবাদ

প্রকল্প প্রস্তাবনা লেখার ক্ষেত্রে আত্মবিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ : উপাচার্য

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং’ শীর্ষক এক কর্মশালা আজ ০৯ ফেব্রুয়ারি (সোমবার) অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হিট-এ গত বছর খুলনা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ৫৬টি প্রকল্প প্রস্তাবনা জমা দেওয়া হয়, যার মধ্যে ৯টি প্রস্তাবনা বরাদ্দ পেয়েছে। এবার বিশ্ববিদ্যালয়ের সব স্কুল থেকেই প্রকল্প প্রস্তাবনা জমা দেওয়া হবে এবং উল্লেখযোগ্য সংখ্যক বরাদ্দ পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, প্রকল্প প্রস্তাবনা লেখার ক্ষেত্রে আত্মবিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিট যেভাবে প্রকল্প প্রস্তাবনা চায়, সে অনুযায়ী পরিকল্পনা ও ডিজাইন করতে হবে। এ ধরনের প্রকল্পের মাধ্যমে গবেষণার মান উন্নয়নের পাশাপাশি সংশ্লিষ্ট ডিসিপ্লিনের অবকাঠামোগত উন্নয়ন সম্ভব। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আউটকাম স্টেকহোল্ডারদের কাছে পৌঁছানোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি আশা প্রকাশ করেন, এই কর্মশালা থেকে অংশগ্রহণকারীরা হিটের প্রকল্প প্রস্তাবনা লেখার বিষয়ে উপকৃত হবেন। উপাচার্য এ কর্মশালা আয়োজনের জন্য হিট প্রকল্প ও খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসিকে আন্তরিক ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, হিট প্রকল্প থেকে বরাদ্দ পাওয়া গেলে তা বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে গবেষণার পরিধি বৃদ্ধি, ল্যাব স্থাপন, নতুন ইনস্ট্রুমেন্ট সংযোজন এবং অবকাঠামোগত উন্নয়নে এর ইতিবাচক প্রভাব পড়ে। এজন্য হিট প্রকল্পে অংশগ্রহণের বিষয়ে সকল শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রকল্প প্রস্তাবনা লেখার বিষয়ে হাতে-কলমে ধারণা পাবেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, গবেষণার মাধ্যমে শিক্ষকদের পেশাগত অর্জন বৃদ্ধি পায়। এজন্য প্রকল্প প্রস্তাবনা লেখার প্রতি আগ্রহী হতে হবে এবং নিজেদের গবেষণা দক্ষতা উন্নয়নে মনোযোগ দিতে হবে।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে উপাচার্য ‘হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল প্রিপারেশন এন্ড ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া’ শীর্ষক সেশন উপস্থাপন করেন। এছাড়া আইকিউএসির পরিচালক ‘কম্পোন্যান্টস অব এটিএফ এন্ড বাজেটারি অ্যালাইনমেন্ট’ শীর্ষক সেশন উপস্থাপন করেন। পরে মুক্ত আলোচনাপর্ব সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম।
কর্মশালায় হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট), একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ) এবং এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল (এসপিপি) বিষয়ে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button