যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার

যশোর ব্যুরো ঃ খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ফেব্রুয়ারি ২০২৬) ভোর সাড়ে পাঁচটার দিকে কায়বা বিওপি’র টহল দল সীমান্তের প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কায়বা গ্রামের দাদখালী নামক স্থানে অভিযান পরিচালনা করে। এসময় পাকা রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির ফেলে যাওয়া একটি ব্যাগ তল্লাশি চালিয়ে ১টি ৭.৬৫ এমএম চায়না পিস্তল, ১টি ম্যাগাজিন,৫ রাউন্ড গুলি এবং ৪০বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়,অভিযানের সময় ওই অজ্ঞাত ব্যক্তি ভারত থেকে ইছামতি নদী পার হয়ে কায়বা অভিমুখে আসছিল।টহল দল তাকে থামার সংকেত দিলে সে ব্যাগ ফেলে দৌড়ে ইছামতি নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে চায়না পিস্তলের মূল্য আনুমানিক এক লাখ টাকা, ম্যাগাজিনের মূল্য পাঁচ হাজার টাকা, গুলির মূল্য এক হাজার টাকা এবং ভারতীয় এস্কার্প সিরাপের মূল্য ষোল হাজার টাকাসহ মোট সিজার মূল্য এক লাখ বাইশ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।#



