যশোর ঝিকরগাছায় গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

যশোর ব্যুরো ঃ যশোরের ঝিকরগাছা উপজেলায় গ্যাস ট্যাবলেট সেবন করে চিকিৎসাধীন অবস্থায় সাম দাস (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সামদাস ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের বাকড়া গ্রামের বাসিন্দা এবং বিষ্টু দাসের ছেলে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, বেলা২টার দিকে পারিবারিক কলহের জেরে বাবার ওপর অভিমান করে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট সেবন করেন সাম দাস। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে হাসপাতালের ৪র্থ তলার পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। মরদেহ আইনগত কার্যক্রম গ্রহণের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।



