স্থানীয় সংবাদ

যশোরে পোস্টার ছেঁড়া নিয়ে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ : দোকান ভাঙচুর

যশোর ব্যুরো ঃ যশোরের চৌগাছা উপজেলায় নির্বাচনী পোস্টার ছেঁড়া নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে পাঁচটার দিকে উপজেলার পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামের সরদারপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পলুয়া গ্রামের সরদারপাড়ায় গফুর হোসেন (৩০) নামে এক ব্যক্তির চায়ের দোকানে ধানের শীষ প্রতীকের পোস্টার লাগানোকে কেন্দ্র করে প্রথমে বাকবিত-া শুরু হয়। একপর্যায়ে বিএনপি সমর্থক সেলিম হোসেন (৪২) ও তার ছেলে ফয়সাল হোসেন (৩২) গফুর হোসেনের দোকানে ভাঙচুর চালান বলে অভিযোগ ওঠে। এ সময় দোকানের বিভিন্ন মালামাল ফেলে দেওয়া হয়।
ভুক্তভোগী গফুর হোসেন জামায়াতে ইসলামীর সমর্থক বলে স্থানীয়রা জানিয়েছেন। অপরদিকে অভিযুক্ত সেলিম হোসেন ও ফয়সাল হোসেন বিএনপি সমর্থক। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী,প্রায় ১০-১৫ দিন আগে অভিযুক্তরা গফুর হোসেনের দোকানে ধানের শীষ প্রতীকের পোস্টার লাগান। পরে ওই পোস্টার ছিঁড়ে ফেলা হয়। মঙ্গলবার বিকেলে গফুর হোসেন তার দোকানের সামনে দাঁড়িপাল্লা প্রতীক টাঙিয়ে রাখলে এ নিয়ে আবারও উত্তেজনা সৃষ্টি হয় এবং সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয় প্রশাসনের সদস্যরা ও যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত ব্যক্তিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়।
এ ঘটনায় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটও বিজিবির টহল টিম মোতায়েন রয়েছে। বর্তমানে ওই এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।#

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button