যশোরে নির্বাচনত্তোর সংঘর্ষে ১০ জন আহত : ১ জনের অবস্থা গুরুতর

যশোর ব্যুরো ঃ যশোরের মণিরামপুর,বাঘারপাড়া ও সদর উপজেলায় আলাদা তিনটি ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথমে মণিরামপুরে রাজনৈতিক সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। সকাল ১১টার দিকে মণিরামপুর উপজেলার জালঝাড়া মাদ্রাসা এলাকায় হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৬ সমর্থককে পিটিয়ে জখম করেছে বিজয়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীরা। গুরুতর আহত মঈন সরদার (৫৫) জালঝাড়া গ্রামের মৃত আজিজার সরদারের ছেলে। অপর আহতরা হলেন, আসাদুজ্জামান রিপন,মেহরাব হোসেন,মতিয়ার সরদার, ইয়াসিন আলী ও আতিয়ার সরদার। স্থানীয়দের দাবি, নির্বাচনের দিন গ্রামে অর্থ বিতরণকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হামলা হয়। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি সকালে অ্যাডভোকেট ওয়াদুদের নেতৃত্বে শহীদ,বোরহান, এনামুলসহ কয়েকজন জিআই পাইপ নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে মঈন সরদারের অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউল্লাহ খান জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে হাতুড়ি হামলার ঘটনা ঘটে। শনিবার ১৪ ফেব্রুয়ারি সকালে এ ঘটনা ঘটে। আহত বিকাশ দেবনাথ (৫২) পাকুরিয়া রায়পুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আজিত (৫০) ও তার ছেলে রনি (১৭) ইকতারের চায়ের দোকানের সামনে বিকাশ দেবনাথের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সদর উপজেলায় জমি বিরোধে সংঘর্ষ,আহত ৪ জন আহত হয়েছে।শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মুনসেপপুর গ্রামে মাদ্রাসার জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হন। আহতরা হলেন মো. আব্দুর রশিদ (৫৩), ইউসুফ (৫২), ইব্রাহিম খলিল (৪৫) ও জেসমিন (৪৫)। স্থানীয়দের দাবি, মুনসেপপুর ইবতেদায়ি মাদ্রাসার জমি ও ভবন ভাঙা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংবাদ পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থাল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি শান্ত রেখেছে বলে সর্বশেষ খবরে জানা গেছে।

