স্থানীয় সংবাদ

যশোরে যুবকের রহস্যজনক মৃত্যু :এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

যশোর ব্যুরো ঃ যশোরের কাশিমপুর দফাদারপাড়ায় এক যুবকের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত রহিম বিশ্বাস ওই গ্রামের আরমান বিশ্বাসের ছেলে।
পরিবারের দাবি, রহিম আত্মহত্যা করেছেন। তবে স্থানীয় বাসিন্দা ও অপর একটি সূত্র বলছে, ঘটনার নেপথ্যে অন্য কিছু থাকতে পারে। তাদের দাবি, রহিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ঠোঁট ফোলা থাকায় ধারণা করা হচ্ছে, তাকে মারধরের পর পরিকল্পিতভাবে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে—যা আত্মহত্যা হিসেবে প্রচার করা হচ্ছে।
এদিকে রহিমের বাবা আরমান বিশ্বাস অপমৃত্যুর অভিযোগ দিয়ে থানায় আবেদন করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময় রহিম মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
শনিবার সাড়ে তিনটার দিকে, ময়নাতদন্ত শেষে পুলিশ মরদেহ নিহতের মামা ও প্রতিবেশীদের কাছে হস্তান্তর করেছে। এ সময় রহিমের বাবা ও তার বড় ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশ হেফাজতে নেয় বলে একটি সূত্র জানিয়েছে। পরিবারের সদস্য,চাচা, মামা ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, রহিম হোসেন দীর্ঘদিন ধরে তার বাবার কাছে একটি মোটরসাইকেল কেনার দাবি জানিয়ে আসছিলেন। পরিবারের আর্থিক অসামর্থ্যের কারণে বাবা তাকে অপেক্ষা করতে বলেন। ঘটনার রাতে এ বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে মনোমালিন্য হয় বলেও দাবি করা হচ্ছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বাবা ও ভাইকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষও বিষয়টি তদারকি করছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button