১৩তম সংসদের প্রথম অধিবেশনের সভাপতি কে?

প্রবাহ রিপোর্টঃ গঠিত হতে যাচ্ছে দেশের ১৩তম জাতীয় সংসদ। নতুন সংসদের প্রথম অধিবেশনেই নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার, পাশাপাশি ঘোষণা করা হবে সভাপতিম-লীর সদস্যদের নাম। তবে এবার ব্যতিক্রমী পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে— প্রথম অধিবেশন পরিচালনা করবেন কে?সংসদীয় রীতি অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশন পরিচালনা করেন বিদায়ী সংসদের স্পিকার। তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকেই নতুন স্পিকার নির্বাচিত হন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই সুযোগ থাকছে না। দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ইতোমধ্যে পদত্যাগ করেছেন, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে রয়েছেন এবং সভাপতিম-লীর সদস্যরাও কার্যত অনুপস্থিত। এ অবস্থায় সাংবিধানিক বিধান ও কার্যপ্রণালী বিধি অনুসারেই সমাধান নির্ধারিত হবে।সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদে বলা হয়েছে, স্পিকারের পদ শূন্য থাকলে বা তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে তার দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকারের পদও শূন্য থাকলে বা তিনি অনুপস্থিত থাকলে সংসদের কার্যপ্রণালী-বিধি অনুযায়ী কোনও সংসদ সদস্য স্পিকারের দায়িত্ব পালন করবেন।এ ছাড়া জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১২(২) ধারায় উল্লেখ আছে—কোনও বৈঠকে স্পিকার, ডেপুটি স্পিকার কিংবা সভাপতিম-লীর সদস্যদের কেউ উপস্থিত না থাকলে সংসদ সচিব বিষয়টি সংসদকে অবহিত করবেন এবং সংসদ একটি প্রস্তাবের মাধ্যমে সদস্যদের মধ্য থেকে একজনকে ওই বৈঠকের সভাপতিত্ব করার জন্য নির্বাচিত করবে।ফলে বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার না থাকায় ১৩তম জাতীয় সংসদের প্রথম অধিবেশন পরিচালনা করবেন নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্য থেকেই একজন। ওই সদস্যের সভাপতিত্বেই অনুষ্ঠিত হবে প্রথম বৈঠক এবং সেখানেই নির্বাচিত হবেন নতুন স্পিকার।



