বিধিমোতাবেক ভোট না পাওয়ায় বাগেরহাটে ৪টি আসনের ১৪ জন প্রার্থী জামানত খোয়ালেন

# ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ #
বাগেরহাট প্রতিনিধি ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিধিমোতাবেক ভোট না পাওয়ায় বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে ২৩ প্রার্থীর মধ্যে ১৪ জন প্রার্থী তাদের জামানত খোয়াচ্ছেন। নির্বাচনে বিএনপির ৪ জন ও জামায়াতে ইসলামীর ৪ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী ছাড়া বাকি সব প্রার্থীর জামানত থাকছেনা। বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু আনছার জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশ না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। জেলা রিটার্নিং কর্মকর্তার ঘোষিত নির্বাচনি ফল অনুযায়ী, বাগেরহাট -১ আসনে ভোট দিয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৫২২ জন। এই আসনে জামানত রক্ষায় প্রয়োজন ২৯ হাজার ৯৪২ টি ভোট। এ আসনে জামানত হারানো ৬ প্রার্থী হলেন, জাতীয় পার্টির স.ম. গোলাম সরোয়ার, বাংলাদেশ মুসলিম লীগের(বিএমএল) আ. সবুর শেখ, বাংলাদেশ মুসলিম লীগের এম. ডি শামসুল হক, আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির মো. আমিনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো. শেখ মাসুদ রানা এবং স্বতন্ত্র প্রার্থী এম.এ.এইচ সেলিম। বাগেরহাট-২ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৪১ হাজার ২৪৫। জামানত রক্ষায় ২৮ হাজার ৯৪৯ ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ আতিয়ার রহমান। বাগেরহাট-৩ আসনে ভোট পড়েছে ১ লাখ ৯৪ হাজার ২৮৯ টি। জামানত রক্ষায় প্রয়োজন ছিল ২৩ হাজার ২৯৪ ভোট। এই আসনে জামানত হারাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী এম. এ.এইচ সেলিম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মো. হাবিবুর রহমান মাস্টার এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের শেখ জিল্লুর রহমান। বাগেরহাট-৪ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ২৪ হাজার ৫৮৫টি। জামানত রক্ষায় ন্যূনতম ২৬ হাজার ৯৫০ ভোট প্রয়োজন। এ আসনে জামানত হারাচ্ছেন জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রী , ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওমর ফারুক, জাতীয় সমাজতান্ত্রিক দলের মো. আ. লতিফ খান এবং স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন।



