নিষিদ্ধ রাজনীতির তৎপরতায় ক্ষুব্ধ মহানগর বিএনপি

খবর বিজ্ঞপ্তি ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিনের মাথায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর খুলনা জেলা ও মহানগর কার্যালয়ের সামনে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানানো ও মাল্যদানের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে খুলনা মহানগর বিএনপি। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে এ ধরনের কর্মকা- উসকানিমূলক ও সুপরিকল্পিত চক্রান্তের ইঙ্গিত দেয়। এটি আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের শামিল এবং নগরবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বিবৃতিতে জড়িতদের অবিলম্বে শনাক্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় নগরবাসীকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিবৃতিদাতারা হলেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন প্রমুখ।



