স্থানীয় সংবাদ

শপথ মেনে চললি দেশের ভালো হবে, না হলি আবার খারাপ দিন আসবে : আজিজুল (রিক্সা চালক)

স্টাফ রিপোর্টার ঃ খুলনার শহীদ হাদিস পার্কে ডিজিটাল ডিসপ্লে স্ক্রিনে এমপিদের শপথ অনুষ্ঠান সম্প্রচারের আয়োজন করে সিটি কর্পোরেশন (কেসিসি)। সকালে প্রথমে বিএনপির এবং পরে জামায়াত-এনসিপি’র সংসদ সদস্যদের শপথ প্রচার হয়। বিকেলে মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানও সরাসরি সম্প্রচার হবে বলে জানালেন কেসিসির প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ। এ উপলক্ষে ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপনের পাশাপাশি সামিয়ানা টানিয়ে দু’শতাধিক চেয়ারের ব্যবস্থা করা হয়। কেসিসির কর্মকর্তা কর্মচারী ছাড়াও সাধারণ নগরবাসী এবং বিপুল সংখ্যক পথচারী আগ্রহ নিয়ে অনুষ্ঠান উপভোগ করেন।
নগরীর দোলখোলার বাসিন্দা অবসরপ্রাপ্ত চাকরিজীবী মোফাজ্জল হোসেন মর্নিংওয়াক করতে এসে আয়োজন দেখে বাড়ি না ফিরে থেকে যান। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সংসদ সদস্যদের শপথ নেওয়া শেষে বলেন, এই সংসদের কাছে জাতির অনেক প্রত্যাশা। তারা সফল হোক, শুধু এইটুকু চাওয়া। পার্কের পশ্চিম দিকের মেইন গেটের গ্রিলের ফাঁক দিয়ে ডিসপ্লে বোর্ডে অপলক তাকিয়ে ছিলেন আজিজুল। রিক্সা চালকের সিটে বসেই দেখার ও শোনার চেষ্টা করছিলেন অসীম আগ্রহে। ভোট দিতে সাতক্ষীরার শ্যামনগর গ্রামের বাড়ি যাওয়ার পরে গতকালই ফিরেছেন খুলনায়। আগে কোনদিন শপথ নেওয়া অনুষ্ঠান না দেখা খুলনা শহরের রিক্সা চালক আজিজুলের সরল ভাষ্য, শপথে যা যা বললো তা তা মাইনে চললি দেশের ভালো হবে। আর না মানলি, আওয়ামী লীগির মতো লুটপাট করলি আবার খারাপ দিন আসবি। ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া আজিজুলের আসনে বিজয়ী হয়েছে দাঁড়িপাল্লা। জেলার চারটি আসনই জামায়াতের। আজিজুলের দাবি, হাসিনা নেই। যারা জিতিছে যারা হারিছে, সবাই মিলে দেশ চালাক।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button