খুলনায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি ঃ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে খুলনা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিটে) শহিদ হাদিস পার্কে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে (জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ক্ষেত্রে বাংলাদেশ পতাকা বিধিমালা, ১৯৭২ অনুসরণ করতে হবে)। ঐদিন সকাল সাড়ে নয়টায় নগরভবনে সিটি কর্পোরেশনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাদজোহর বা সুবিধামত সময়ে সকল মসজিদে ভাষা শহিদদের রুহের মাগফেরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। প্রার্থনার সময় ভাষা শহিদদের সঠিক নাম ব্যবহার করতে হবে। দিবসটি উপলক্ষ্যে সকাল ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা পৌনে সাতটায় শহিদ হাদিস পার্কে খুলনা জেলা তথ্য অফিস ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শন ও একুশের পোস্টার প্রদর্শনীর আয়োজন করবে। ১৯ ফেব্রুয়ারি সুবিধাজনক সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হবে। এছাড়া জাতীয় পর্যায়ে এবং জেলায় গৃহীত কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন উপজেলা অনুরূপ কর্মসূচি পালন করবে।



