স্থানীয় সংবাদ

রমজানের পবিত্রতা রক্ষা করা সকলের দায়িত্ব: খুলনা বিএনপি

স্টাফ রিপোর্টার ঃ রহমত, বরকত ও নাজাতের বার্তা নিয়ে রমজান সমাগত। রমজানের পবিত্রতা রক্ষা করা ও তাকওয়া অর্জনের এ মাসে তাকওয়াপূর্ণ পরিবেশ তৈরি করা সকলের দায়িত্ব। পবিত্র রমজান উপলক্ষে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপি’র মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে খুলনাবাসিসহ বিশ্বের সকল মুসলমানদের প্রাণঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে খুলনা বিএনপি এসব কথা বলেছেন। পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামিনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মোমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়। রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার লাগাম নিয়ন্ত্রণ করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন। তারা বলেন পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করতে হবে। বিবৃতিতে মাহে রমজানের সম্মানে সবধরনের গর্হিত কাজ থেকে বিরত থাকতে ও রাখতে সংশ্লিষ্টদের কার্যকরী উদ্যোগ নিতে হবে। ইফতারি ও সেহরীর সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহ, খুলনা মহানগরীকে যানজটমুক্ত রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন। একই সাথে রমজানের পবিত্রতা রক্ষার্থে অশ্লীলতা বেহায়াপনা নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণসহ মজুদদার, মুনাফাখোর ও সিন্ডিকেটদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলি আসগার লবি, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button