পাট ও শিল্প পূর্ণ উদ্ধার পরিষদ আঞ্চলিক কমিটির সাধারণ সভা

স্টাফ রিপোর্টারঃ খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের রাষ্ট্রীয় পাটকল, নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ড মিলসহ খুলনার বন্ধকৃত সকল শিল্প রাষ্ট্রীয় মালিকানায় চালুসহ ৪ দফা দাবি আদায়ের করণীয় নির্ধারণ করারর লক্ষ্যে পাট ও শিল্প পূর্ণ উদ্ধার পরিষদ আঞ্চলিক কমিটির এক সাধারণ সভা শুক্রবার বাদ আছর ক্রিসেন্ট জুট মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামস সামনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন প্লাটিনাম জুট মিল সিবিএ-এর সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জিয়া, সহ-সভাপতি আশরাফ হোসেন, বাসদ নেতা জনার্দন দত্ত নান্টু, কমিটির উপদেষ্টা নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, ছাত্র নেতা আল আমিন শেখ, ক্রিসেন্ট জুট মিলস শ্রমিক নেতা মোশাররফ হোসেন, স্টার জুট মিলস শ্রমিক নেতা আলমগীর হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি আব্দুল করিম, পাটকল শ্রমিক নেতা এস্কেন্দার আলী, কামরুল হাসান, শামসুল আলম, নাসির, খাদিজা বেগম, হাজেরা খাতুন প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, খুলনায় বন্ধকৃত শিল্পের হাজার হাজার শ্রমিক পরিবার কর্মহীন ও মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই কারণে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, খুলনার অর্থনৈতিক গতিধারা মন্থর হয়ে গেছে। পাটচাষীরাও পাটের ন্যায্যামূল্য থেকে বঞ্চিত হচ্ছে। এখন নতুন রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। দায়িত্ব গ্রহণের আগে ও পরে সরকার অর্থনীতিকে গতিশীল করা ও নতুন পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার ব্যক্ত করেছেন। তাই সভা থেকে সরকারের প্রতি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নীতিনির্ধারকদের সাথে সমন্বয় করে খালিশপুরের বন্ধ সকল শিল্প রাষ্ট্রীয় মালিকানায় পুনরায় চালুর বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা এসব শিল্পকে আধুনিকায়ন ও টেকসই করা, শ্রমিকদের পুনর্বাসন করা এবং খালিশপুরকে পুনরায় শিল্পসমৃদ্ধ অঞ্চলে পরিণত করার দাবি জানান।



