খুলনায় মসজিদ থেকে বের হওয়ার সময় অতর্কিত হামলায় যুবক আহত : থানায় লিখিত অভিযোগ

# জমি বিরোধের জেরে #
স্টাফ রিপোর্টার ঃ জমি সংক্রান্ত বিরোধের জেরে খুলনায় এক ব্যক্তির ওপর পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে। এঘটনায় মাত্তমডাঙ্গা এলাকার বাসিন্দা ভুক্তভোগী শেখ আমজাদ হোসেনের ছেলে শেখ ইসমাইল হোসেন খানজাহান আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, গোলাম রহমানের ছেলে আমিরুল ইসলাম, বুলবুল হোসেন ও আলমগীর হোসেন, বুলবুলের ছেলে নেওয়াজ, জাকির হোসেনের ছেলে পরোয়ার হোসেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন শেখ ইসমাইল হোসেন। এসময় ছুরি দিয়ে ইসমাইলের বাম চোখের পাশে কোপ দেয় এবং হত্যার উদ্দেশ্যে ভারী বস্তু দিয়ে মাথা, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে বেধরক মারধর করে অভিযুক্তরা। একপর্যায়ে তাকে রাস্তায় ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়। বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ১১-১২ ওয়ার্ডে ভর্তি রয়েছেন। ভুক্তভোগী শেখ ইসমাইল হোসেন দাবি করেন, দীর্ঘদিন ধরে তাদের চাষের জমি বিবাদীরা ভোগ দখল করে আসছিল। এর আগে থানায় আমি আরেকটি অভিযোগ করেছিলাম। সেই অভিযোগ করার ফলেই আমার ওপর এই অতর্কিত হামলা হয়েছে। ভুক্তভোগী তার নিজের নিরাপত্তার কারণে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এবিষয়ে খাজান আলী থানার ওসি হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



