দক্ষতাভিত্তিক কর্মদক্ষতা মূল্যায়ন প্রক্রিয়া চালু হলে কাজের গতি বৃদ্ধি পাবে : উপাচার্য

# খুবিতে কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত#
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘স্কিল-বেইজড পারফরম্যান্স অ্যাসেসমেন্ট ফর নন-একাডেমিক অফিসার এন্ড স্টাফ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি (বুধবার) দুপুর ২টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সেবার মান উন্নয়নে কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা, জবাবদিহিতা এবং কর্মনিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতাভিত্তিক কর্মদক্ষতা মূল্যায়ন প্রক্রিয়া চালু হলে কাজের স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে। তিনি আরও বলেন, সকল কর্মকর্তা-কর্মচারীর কম্পিউটার দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন। সময়ের সঙ্গে প্রযুক্তিগত পরিবর্তনের সাথে নিজেদের মানিয়ে নিতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারীদের পদ আপগ্রেডেশনের জন্য পরীক্ষা পদ্ধতি চালু করা হয়েছে। আপগ্রেডেশন হলে দায়িত্ব ও কাজের পরিধি বৃদ্ধি পায়। এ ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতির মাধ্যমে নিজেদের দক্ষতা যাচাইয়ের সুযোগ তৈরি হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি-বিধান সম্পর্কে অবগত থেকে তা মেনে চলার আহ্বান জানান।
আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মোঃ আজমল হুদা। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানের পর কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে সেশন উপস্থাপন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক জি. এম. আনিসুর রহমান। কর্মশালায় দক্ষতাভিত্তিক মূল্যায়নের কাঠামো, সূচক নির্ধারণ, মূল্যায়ন পদ্ধতি ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।



