স্থানীয় সংবাদ

ল্যাবরেটরী মোড়ে পাওনা মাত্র ২৫০ টাকার জন্য হোটেল কর্মচারী মিরাজুলকে কুপিয়ে জখম

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ পাওনা মাত্র আড়াই’শ টাকার জন্য মিরাজুল ইসলাম (৩৫) নামের এক হোটেল কর্মচারীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বেলা আনুমানিক আড়াইটার দিকে নগরীর আড়ংঘাটা থানাধীন গভঃ ল্যাবরেটরি হাইস্কুল মোড়ে। অসহায় দরিদ্র মিরাজুল ইসলাম গভমেন্ট স্কুল সম্মুখে মর্জিনা বেগমের ওই ভাতের হোটেলে ৫০০ টাকা বেতনে কাজ করেন। তিনি স্ত্রী এবং এক ছেলেকে নিয়ে দৌলতপুর এলাকায় বসবাস করেন। আহত রোজাদার মিরাজ বর্তমানে খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত মিরাজ দৈনিক প্রবাহকে বলেন, ‘হোটেলে রান্নার গ্যাস শেষ হওয়ায় পার্শ্ববর্তী সাইকেল গ্যারেজের মালিক এবং গ্যাস বিক্রেতা মামুনের দোকানে গ্যাস আনতে যাই। এ সময় সে পূর্বের পাওনা আড়াই’শ টাকা দিতে বলে। তাকে বলি রমজান মাসে বেচাকেনা কম। দুপুরে টিটিসি’র লোক এসে খাবার খেলে এরপর টাকা সব দিয়ে দিব। হোটেলে কতগুলো মাছ কাঠের চুলায় রান্না করতে গিয়ে পুড়ে গেছে। আমরা যদি এগুলো বিক্রি করতে না পারি তাহলে কি করে টাকা দিব? আমাদের তো সেই ধরনের পুঁজি নাই। এ কথা বলার পর গ্যাসের দোকানদার মামুন আমাকে চাপাতি দিয়ে মাথায় কোপ দিলে সেই কোপ আমার বাম পাশের চোখের কোনায় লাগে’।
গ্যাসের দোকানদার মামুনের বিরুদ্ধে অভিযোগ করে আহত মিরাজ আরও বলেন,’সে অন্য কোম্পানির গ্যাস পাইপের মাধ্যমে বসুন্ধরা সিলিন্ডারে ভরে বিক্রি করে। এছাড়া এক সিলিন্ডারের গ্যাস অন্য সিলিন্ডারে অবৈধভাবে পাইপের মাধ্যমে ভরে ১ /২ কেজি খুচরা বিক্রি করে’।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button