সম্পাদকীয়

জিয়াউর রহমানের পথেই হাঁটছেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক রাজনৈতিক কৌশল, দলীয় সংস্কার এবং জনসম্পৃক্ততার ধরন নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ও দলের ভেতরে-বাইরে একটি আলোচনা জোরালো হচ্ছে: তিনি কি তার পিতা এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পথ অনুসরণ করছেন? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি বিশেষ ধারার প্রবর্তক ছিলেন, যাকে বলা হয় বাংলাদেশি জাতীয়তাবাদ। দীর্ঘ প্রবাস জীবন এবং দলের কঠিন সময়ে নেতৃত্ব দিয়ে তারেক রহমান এখন বিএনপির একক সিদ্ধান্ত গ্রহণকারী। সাম্প্রতিক সময়ে তারেক রহমানের রাজনৈতিক কর্মকা-, তৃণমূলের সঙ্গে সংযোগ এবং রাষ্ট্র সংস্কারের পরিকল্পনাগুলো বিশ্লেষণ করলে জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে ওঠে। বাবার মতোই সাদামাটা জীবনযাপন পছন্দ করেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী হওয়ার পর তার কিছু সিদ্ধান্ত দেশের জনগণের মধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির জয়ী সংসদ সদস্যরা সরকারি সুবিধার আওতায় শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না। সরকারি গাড়ি, চালক ও জ্বালানি ব্যবহার না করে নিজস্ব ব্যবস্থাপনায় চলাচল, প্রটোকল কমানো এবং শনিবারেও তারেক রহমানের অফিস করার সিদ্ধান্ত জনমনে ব্যাপক সাড়া ফেলেছে। আর যানজটের শহরে নিজের প্রটোকল কমিয়ে আনা এবং প্রধানমন্ত্রীর চলাচলের সময় সড়কের দুই পাশে পুলিশের সারিবদ্ধ অবস্থান নেওয়ার প্রথা বাতিল করার সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। বিশ্লেষকদের মতে, জিয়াউর রহমান বিশ্বাস করতেন ক্ষমতার উৎস হলো জনগণ, বিশেষ করে গ্রামীণ জনপদ। তিনি পায়ে হেঁটে গ্রামগঞ্জে যেতেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলতেন। তারেক রহমানও গত কয়েক বছর ধরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রতিটি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সাথে সরাসরি কথা বলছেন। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে দেশজুড়ে জনগণের মাঝে মিশে গেছেন তারেক রহমান। এতে করে জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। আবালবৃদ্ধবনিতা সকলের কাছে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন তারেক রহমান। তিনি যেখানেই যাচ্ছেন, শিশুরাও তাকে জড়িয়ে ধরছে; এ যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button