খুলনায় কালোবাজারে টিসিবি’র পণ্য : ডিলারশিপ বাতিল

# সক্রিয় অসাধু সিন্ডিকেট
# সাময়িক দোকান বন্ধের নির্দেশ
এম সাইফুল ইসলাম ঃ খুলনায় নিম্নআয়ের মানুষের জন্য সরকার নির্ধারিত দামে বিক্রির উদ্দেশ্যে বরাদ্দ টিসিবি’র পণ্য কালোবাজারে সরিয়ে নেওয়ার অভিযোগে এ ডিলারের লাইসেন্স বাতিল এবং একাধিক দোকান সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের এই অভিযানে আবারও সামনে এসেছে টিসিবির পণ্য বিতরণ ব্যবস্থায় অনিয়ম ও অসাধু সিন্ডিকেটের সক্রিয়তা। জানা যায়, খুলনায় দরিদ্র জনসাধারণের কাছে বিক্রির জন্য টিসিবির পণ্য চলে যাচ্ছে কালোবাজারে। বঞ্চিত হচ্ছে দরিদ্র খেটে খাওয়া মানুষেরা। এর সাথে জড়িত রয়েছে কিছু অসাধু ডিলার। প্রভাবশালী হওয়ায় এসকল ডিলারের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না এলাকার মানুষ। গত মঙ্গলবার বিকালে বয়রা বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও ভোক্তা হয়রানি রোধে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় বয়রা বাজারে দুয়া এন্টারপ্রাইজ নামক গোডাউন থেকে টিসিবির ৪০ কেজি খেজুর, ২০০ কেজি মসুর ডাল, ১০০ কেজি ছোলা, ৫৪ বোতল অর্থাৎ ১০৮ লিটার তেল উদ্ধার করা হয়। গোডাউনটি প্রথমে তালাবদ্ধ পরে ২৫ রমজান পর্যন্ত বন্ধের নির্দেশ দেয়া হয়। শুনানিতে অভিযোগ প্রমানিত হওয়ায় আবু বক্করের ডিলারের লাইসেন্স বাতিল করা হয়েছে। একই অভিযোগে বয়রা বাজারের দোকানি আব্দুল্লাহ ও মোঃ মাসুদের দোকান পচিশ রমজান পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে এবং র্যাব-৬ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খাতুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা রানী কুন্ডু, র্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর নাজমুল ইসলাম, বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মো. তারিকুল ইসলাম সুমন, বিএসটিআই (মেট্রোলজি) পরিদর্শক হাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ও প্রভাবশালী ডিলারের কারণে প্রকৃত সুবিধাভোগীরা টিসিবির পণ্য পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে পণ্য সরবরাহের আগেই তা বাজারে চলে যাচ্ছে। অভিযোগ করলেও প্রতিকার না পাওয়ার আশঙ্কায় অনেকেই প্রকাশ্যে কথা বলতে চান না।
খুলনা ক্যাব সভাপতি এ্যাড কুদরত ই খুদা বলেন, নিম্নআয়ের মানুষের পন্য নিয়ে কারসাজি জঘন্যতম অপরাধ। এ অপরাধ নির্মূলে টিসিবির পণ্য বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত তদারকি, ডিজিটাল মনিটরিং এবং ডিলারদের জবাবদিহিতা বাড়ানো জরুরি। না হলে দরিদ্র মানুষের জন্য বরাদ্দ পণ্য কালোবাজারে চলে যাওয়ার ঘটনা বন্ধ করা কঠিন হবে।
বয়রা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ বাবুল আক্তার বলেন, কালোবাজারির সাথে একটি সিন্ডিকেট জড়িত। তবে প্রকৃত ব্যবসায়ীরা জড়িত নয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খাতুন জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রন করতে জেলা প্রশাসনের উদ্যোগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে টিসিবি খুলনার আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান (যুগ্ম পরিচালক) মোঃ হুমায়ুন কবির জানান, টিসিবির পণ্য কালো বাজারে বিক্রির সুনির্দিষ্ট প্রমান আমরা পেয়েছি। যার প্রেক্ষিতে আবু বক্করের ডিলারশিপ বাতিল করা হয়েছে।



