স্থানীয় সংবাদ

আফিলগেটে গুলিতে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা নিহত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেট (মাহফিল গেট) এলাকায় সন্ত্রাসীদের গুলিতে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির এক নেতা শেখ সোহেল (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শেখ সোহেল আটরা শেখপাড়া আফিল গেট এলাকার বাসিন্দা বাচ্চু শেখের পুত্র৷ তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির একজন নেতা হিসেবে পরিচিত ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা বিচারাধীন ছিল। স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় শেখ সোহেল আফিল গেট এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। পাশাপাশি সিআইডির একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ ও তথ্য যাচাই কার্যক্রম চালাচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে পূর্ব বিরোধ বা দলীয় কোন্দল রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাও: সানওয়ার হুসাইন মাছুম জানান, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা শেখ সোহেলকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত আছেন এবং তদন্ত চলছে। সে পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির সদস্য ছিলো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button