স্থানীয় সংবাদ

তেরখাদা হাসপাতাল পরিদর্শনে এমপি হেলাল

# রোগীর শয্যাপাশে দাঁড়িয়ে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেন #

তেরখাদা প্রতিনিধি : খুলনা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল শপথ গ্রহণের পরই নিজের নির্বাচনী এলাকা তেরখাদায় প্রথম এসে স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিয়েছেন। গত বুধবার তিনি সরেজমিন তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে হাসপাতালের সার্বিক কার্যক্রম, রোগীর সেবা ব্যবস্থা এবং চিকিৎসার মানের বিষয়টি নিজ চোখে দেখেছেন।
পরিদর্শনের সময় এমপি হেলাল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। রোগীর শয্যাপাশে দাঁড়িয়ে তারা কি ধরনের চিকিৎসা পাচ্ছেন, ওষুধ ও প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা কি পর্যাপ্ত রয়েছে, এসব বিষয়ে খোঁজখবর নেন। অনেক রোগী চিকিৎসক ও নার্সদের আন্তরিকতার কথা উল্লেখ করলেও জনবল সংকট, আধুনিক যন্ত্রপাতির অভাব এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে সেবায় কিছু সমস্যা রয়েছে বলে জানান। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, দীর্ঘদিন ধরে একাধিক চিকিৎসক ও নার্সের পদ শূন্য রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য জেলা শহর বা অন্যত্র পাঠাতে হচ্ছে। এছাড়া আধুনিক যন্ত্রপাতির অভাব হাসপাতালের সেবার মান কমিয়ে দিয়েছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় সেবা ব্যবস্থাপনায় নানা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম এমপিকে হাসপাতালের জনবল কাঠামো, শূন্যপদের সংখ্যা, যন্ত্রপাতি ঘাটতি এবং প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি সরবরাহ ও অবকাঠামোগত উন্নয়নে উদ্যোগ নেয়ার আহ্বান জানান। সংসদ সদস্য এমপি হেলাল বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জনগণের সাংবিধানিক অধিকার। তিনি আশ্বাস দেন, তেরখাদার মানুষ যাতে নিজ এলাকায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা পান, সে লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। হাসপাতালের সীমাবদ্ধতাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম.সারোয়ার রাব্বী, সহকারী কমিশনার (ভূমি) এস.এম নুরুন্নবী, থানার অফিসার ইনচার্জ (ওসি)মো: শহিদুল্লাহসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা এমপির এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং আশা প্রকাশ করছেন, ঘোষিত পদক্ষেপ বাস্তবায়িত হলে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানে দৃশ্যমান উন্নয়ন ঘটবে। শপথের পর প্রথম সফরেই স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দেওয়ায় তেরখাদাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। সচেতন মহলের মতে, নিয়মিত তদারকি ও কার্যকর সমন্বয় অব্যাহত থাকলে উপজেলার স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন দৃঢ়ভাবে দৃশ্যমান হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button