জুমার নামাজ শেষ হতেই কেঁপে উঠল দিঘলিয়া

দিঘলিয়া প্রতিনিধি ঃ জুমার নামাজ শেষ হতেই দেশের অন্যান্য জায়গাসহ কেঁপে উঠলো দিঘলিয়া।
সাতক্ষীরায় উৎপত্তি, খুলনা-ঢাকাসহ বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি-২০২৬) জুমার নামাজ শেষ হতেই হঠাৎ কেঁপে উঠল দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি দিঘলিয়ার মাটি। দুপুর আনুমানিক ১টা ৫২ মিনিটের দিকে শুরু হওয়া ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়। খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেশি অনুভূত হয়। আকস্মিক কম্পনে মসজিদ, অফিস ও বাসাবাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আবহাওয়া সূত্রে জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা সংলগ্ন এলাকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল আনুমানিক ৫ দশমিক ৩ থেকে ৫ দশমিক ৪। ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ থেকে ৩৫ কিলোমিটার নিচে।
যেসব এলাকায় কম্পন অনুভূত ভূমিকম্পটি খুলনা, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অনুভূত হয়। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এবং আশপাশের এলাকাতেও কম্পন টের পাওয়া গেছে বলে জানা গেছে। আতঙ্কে মানুষ ঘর ছাড়ে। কোনো কোনো মসজিদে নামাজের সময় হঠাৎ মসজিদে ঝাঁকুনি অনুভূত হলে অনেক মুসল্লি দ্রুত খোলা স্থানে বেরিয়ে আসেন। একই সময়ে অফিস-আদালত ও ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত লোকজনও নিরাপদ স্থানে আশ্রয় নেন। বহুতল ভবনগুলোতে দুলুনি বেশি অনুভূত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ক্ষয়ক্ষতির তথ্যঃ
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। কয়েকটি এলাকায় দেয়ালে হালকা ফাটল ও ঘরের ভেতরের জিনিসপত্র নড়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সতর্ক থাকার পরামর্শঃ
বিশেষজ্ঞরা জানিয়েছেন, মূল ভূমিকম্পের পর হালকা আফটারশক হতে পারে। তাই আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।



