জাতীয় সংবাদ

ঢাকা ও নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় জামায়াতের নিন্দা-উদ্বেগ

প্রবাহ রিপোর্ট ঃ ঢাকায় ৬ বছরের এক শিশু ও নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলেন, “ঢাকার হাতিরঝিল থানাধীন পশ্চিম উলন এলাকায় তাহেদী আক্তার জান্নাত নামে ৬ বছরের এক শিশু এবং নরসিংদীর মাধবদীতে ১৫ বছরের এক কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও নির্মমভাবে হত্যার মর্মান্তিক ঘটনায় আমি গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছি। তাদেরকে ধর্ষণের পর পৈশাচিক কায়দায় হত্যা মানবতা, নৈতিকতা ও আইনের শাসনের ওপর চরম আঘাত।” তিনি বলেন, “আমি নিহত শিশু ও কিশোরীর রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে এ নৃশংস ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধী- তারা যে দল, গোষ্ঠী বা প্রভাবশালী মহলেরই হোক না কেন, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।” তিনি আরও বলেন, “ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, সামাজিক চাপ বা আপস-মীমাংসার সুযোগ থাকতে পারে না। ধর্ষকরা বিএনপি অথবা যে দলেরই হোক, তাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের ঘটনা ধামাচাপা দেওয়ার অপচেষ্টা আরও বড় অপরাধ। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ন্যায়বিচার নিশ্চিত না হলে সমাজে আইনের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে এবং অপরাধীরা আরও উৎসাহিত হবে।” বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় ন্যায়বিচার, মানবাধিকার ও সামাজিক নিরাপত্তার পক্ষে সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে উল্লেখ করে অ্যাডভোকেট জুবায়ের বলেন, “দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে ঢাকা ও নরসিংদীর এই ধর্ষণ ও হত্যা মামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারপূর্বক অতি দ্রুত বিচার সম্পন্ন করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button