স্থানীয় সংবাদ

খুলনায় হামলায় যুবদল নেতা মুরাদ নিহত

স্টাফ রিপোর্টার ঃ
খুলনার দিঘলিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের হামলায় যুবদলের এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সেনহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বকশি বাড়ি কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে। নিহত খান মুরাদ (৪৫) সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং হাজী গ্রামের বাসিন্দা মুনসুর খানের ছেলে। পুলিশ জানায়, দিঘলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদের সঙ্গে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মুরাদ নিহত হয়েছেন। ঘটনায় জড়িতরা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং জড়িতদের ধরতে অভিযান চলছে। নিহতের বোন জামাই মো: মিঠু জানান, প্রায় এক সপ্তাহ আগে মুরাদের সঙ্গে সাজ্জাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও তা সফল হয়নি। শুক্রবার সন্ধ্যার দিকে মুরাদ বকশি বাড়ির দিকে যাওয়ার সময় সাজ্জাদ, তার ভাই সজিবসহ কয়েকজন তাকে ঘিরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় মুরাদকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়িয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button