দিঘলিয়ায় যুবদল নেতা হত্যাকা-ের রহস্য বেরিয়ে আসছে

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি ঃ দিঘলিয়ায় হত্যাকান্ডের রহস্য উন্মোচন হাট-ঘাট টেন্ডার সিন্ডিকেট ভেঙ্গে সিডিউল ক্রয় নিয়ে সাজ্জাদসহ ছাত্রদল নেতাদের মারধরের ঘটনার জের ধরে হত্যা করা হয় যুবদল নেতা মুরাদকে। দিঘলিয়ার সেনহাটীতে প্রকাশ্য দিবালোকে যুবদল নেতা মুরাদ খান হত্যায় কোন গ্রেফতার নেই। হাট-বাজার টেন্ডার নিয়ে বিরোধ মুরাদ হত্যার মূল কারণ। হত্যাকারিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম রয়েছে মাঠে। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। ময়না তদন্ত শেষে গতকাল দুপুরে মুরাদের লাশ তার হাজীগ্রামের বাড়িতে এলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। আছরবাদ হাজীগ্রাম ঈদগাঁহ ময়দানে মুরাদ খানের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিভিন্ন সুত্রে জানা গেছে, দিঘলিয়া উপজেলার সেনহাটিতে যুবদল নেতা মুরাদ খান হত্যাকান্ডটি সংঘটিত হয় উপজেলার ১৪টি হাট-বাজারের দরপত্র দাখিলকে কেন্দ্র করে। গত ১৮ ফেব্রুয়ারি ছিল উপজেলার ১৪টি হাট-বাজার ইজারার দরপত্র দাখিল। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন দরপত্র দাখিল করতে গেলে সেনহাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদ খানের সাথে বাকবিত-া, কলার ধরে কিল ঘুসির ঘটনা ঘটে। ছাত্রদল নেতা সাজ্জাদকে মারধরের সাথে সম্পৃক্ত ছিল এই মুরাদ ও আসাফুর নামক জনৈক যুবক।
এ ঘটনার পরবর্তীতে উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ বিষয়টি সমাধান করে দিলেও ভেতরে ছিল পুঞ্জীভূত ক্ষোভ। যার ফলশ্রুতিতে শুক্রবার বিকাল সাড়ে পাঁচ টায় সেনহাটী মিয়া পাড়ায় যুবদল নেতা মুরাদ খানকে পেয়ে ছাত্রদল নেতা সাজ্জাদসহ ১০/১৫ জন অস্ত্রধারী তার উপর প্রকাশ্য দিবালোকে আক্রমণ করে। তার শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া দু’পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। অতিরিক্ত রক্তক্ষরণে মুরাদ খানের মৃত্যু হয়।
এঘটনায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এক বিবৃতিতে তীব্র নিন্দা, প্রতিবাদ জানান। এবং সহযোদ্ধা খান মুরাদ হোসেনের রক্তের শপথ করে এ হত্যাকান্ডের সাথে জড়িত সংশ্লিষ্ট সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার অঙ্গিকার ব্যক্ত করেছেন।
অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক বিবৃতিতে দিঘলিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে আছর বাদ মুরাদ খান এর নামাজে জানাজা হাজীগ্রাম ঈদগাঁহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে স্থানীয় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত, উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, সাংগঠনিক সম্পাদক মোল্লা মনিরুজ্জামান মনির। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মুরাদ খান হত্যাকান্ডে থানায় কোন মামলা হয়নি ও হত্যাকান্ডে জড়িত কেউ গ্রেফতার হয়নি।



