কয়রায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাব্বির হোসেন (২৪) নামের ১ কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় ঐ মোটর সাইকেলে থাকা রাজা গাজী নামের অপর এক আরোহী গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে কয়রা উপজেলার ফুলতলা বাজার সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত সাব্বির হোসেন কয়রা উত্তরচক কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল বাশারের ছেলে। তিনি কয়রা কপোতক্ষ মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাব্বির ও রাজা গাজী মোটর সাইকেল যোগে চাঁদআলী থেকে কয়রা আসতেছিলেন। পথে ফুলতলা বাজারের পাশ্ববর্তী খয়রত মাস্টারের বাড়ির সামনে পৌঁছালে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় পাকা ব্লকের সাথে ধাক্কায় সাব্বির হোসেনের মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করেন। ঐ ঘটনায় আহত রাজা গাজীও আঘাতপ্রাপ্ত হন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর সড়ক দুর্ঘটনায় সাব্বির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাব্বিরের অকাল মৃত্যুতে এলাকার সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।



