বাগেরহাটে ছাত্রদল নেতা খুন

বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরনখোলা উপজেলায় জামায়াত কর্মীদের হামলায় আরিফুল ইসলাম (৩২) নামে একজন জাতীয়তাবাদী ছাত্রদল নেতা নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের মডেল বাজারে এ ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম স্থানীয় সোনাতলা গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে এবং সাউথখালী ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি। এই হত্যাকান্ডের পর শরণখোলা উপজেলাজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এই হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে জামায়াতের ৪ জন কর্মীকে আটক করলেও প্রথমে পুলিশ তাদের নাম পরিচয় জানায়নি। শরনখোলা উপজেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নাঈম ইসলাম ছাত্রদল নেতা আরিফুল ইসলাম হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। শরণখোলা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ বেল্লাল হোসেন মিলন বলেন, সংসদ নির্বাচনের পর থেকেই জামায়াতে ইসলামীর কর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা ছাত্রদল নেতা আরিফুল ইসলাম কে একটি ঘরের মধ্যে আটকিয়ে নির্মম ভাবে পিটিয়ে আহত করে। এ অবস্থায় আরিফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই আরিফ মারা যায়। এখন জামায়াত কর্মীদের অত্যাচারে শরণখোলার মানুয় অতিষ্ট। এই হত্যাকান্ডের সাথে জড়িত সব জামায়াত কমীদের গ্রেফতার করা না হলে বিক্ষোভ মিছিলসহ আরো কঠিন কর্মসূচী দেয়া হবে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতাল থেকে নিহত ছাত্রদল নেতা মরদেহ উদ্ধারসহ সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য সোমবার সকালে লাশ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এ দিকে এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের ভাই শহীদুল হাওলাদার বাদী ১৬ জনের নাম পরিচয় উল্লেখ করে এবং অজ্ঞাত ১০/১২ জন আসামী করে শরনখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে খলিল বয়াতি, শাহ জালাল বয়াতি ও তানজের হাওলাদার নামের ৩ জন এজাহার নামীয় আসামী কে গ্রেফতার করেছে।



