বিএসটিআই’র খুলনা মহানগর ও বাগেরহাটে মোবাইল কোর্ট অভিযান

স্টাফ রিপোর্টার ঃ পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক ওজন, মান এবং ন্যায্যমূল্য নিশ্চিতকরণের লক্ষ্যে খুলনা জেলা প্রশাসন এবং খুলনা বিএসটিআই বিভাগীয় কার্যালয় এর উদ্যোগে গল্লামারি ব্রিজ সংলগ্ন গল্লামারি বাজার,গল্লামারি মৎস বাজার,সবজি বাজার,ফল বাজার এ মোবাইল কোর্ট ও বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকিকালে বাজারে ব্যবহৃত বিভিন্ন ওজন ও পরিমাপযন্ত্রের কার্যকারিতা পরীক্ষা করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বৈধ ভেরিফিকেশন সনদ পর্যালোচনা করা হয়।যেসব ওজনযন্ত্রের ভেরিফিকেশন/স্ট্যাম্পিং হালনাগাদ ছিল না, সেগুলো দ্রুত ভেরিফিকেশন ও স্ট্যাম্পিং সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি ভোক্তাস্বার্থ সংরক্ষণের লক্ষ্যে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের জন্য সতর্ক ও পরামর্শ প্রদান করা হয়। মোবাইল কোর্ট সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জাকারিয়া এর নেতৃত্বে পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে ফিল্ড অফিসার (সিএম) মো: আব্দুল মান্নান এবং পরিদর্শক (মেট্রোলজি) মো: বায়েজীদ বোস্তামী দায়িত্ব পালন করেন। অনুরুপ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে বাগেরহাট ফকিরহাটের পিলজংগ মেসার্স কামাল ফিলিং স্টেশন কে বৈধ ক্যালিব্রেশন সনদ ব্যতীত ৩ টি আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংক (অকটেন,পেট্রোল ও ডিজেল) ব্যবহারের অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮’ এর ৩২/৪৮ ধারা অনুযায়ী ৩০হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমনা আইরিন এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে পরিদর্শক (মেট্রোলজি) হাফিজুর রহমান দায়িত্ব পালন করেন। খুলনা মহানগরীর ময়লাপোতা এলাকায় বিশেষ সার্ভিলেন্স কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে ময়লাপোতা মোড় এর বিভিন্ন মাংসের দোকানে ব্যবহৃত ডিজিটাল স্কেলসমূহ যাচাই করা হয় এবং এগুলোর ভেরিফিকেশন সনদ যাচাই করা হয়। এলাকার বিভিন্ন ফলের দোকানে ব্যবহৃত ডিজিটাল স্কেল সমূহ যাচাই করা হয়। ময়লাপোতা মোড় মসজিদ মার্কেটে অবস্থিত বিভিন্ন কেকের দোকানের সিএম মান সনদ আছে কিনা তা যাচাই করা হয়। প্রতিটি কেকের উৎপাদনের ও মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ আছে কিনা তা যাচাই করা হয় এবং স্পষ্টভাবে তা উল্লেখ করার জন্য নির্দেশ প্রদান করা হয়। প্রেসলি, কেক ওয়ার্ল্ড, প্রিন্সেস কেক, কেক ইন,প্যারিস কেক ইত্যাদি দোকানের কেকের মান সনদ আছে কিনা তা যাচাই করা হয়। কেক ইন নামক দোকানের বিএসটিআই সনদ না থাকায় যত দ্রুত সম্ভব সনদ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয় এবং আবেদনের কপি ও প্রয়োজনীয় কাগজপত্র দোকানে রাখার জন্য বলা হয়। সুন্দরবন পিউর মার্ট দোকানে লেবেল ছাড়া মধু বিক্রয় করতে নিষেধ করা হয় এবং ঘি, মধুসহ অন্যান্য পণ্যের গুণগত মান নিশ্চিত করতে জোর দেয়া হয়। সার্ভেল্যান্স অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক (রসায়ন) আনজুমান আরা,পরিদর্শক (মেট)আলী হাসান, পরীক্ষক (রসায়ন) জয়দীপ বিশ্বাস এবং পরীক্ষক (রসায়ন) শেখ মিশা খাতুন । জনস্বার্থে খুলনার বিএসটিআই বিভাগীয় অফিস এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।



