স্থানীয় সংবাদ

তেরখাদায় সংঘর্ষে পেট্রোল বোমা হামলায় যুবকের মৃত্যু : ৪৪ জনের বিরুদ্ধে মামলা

তেরখাদা প্রতিনিধি ঃ খুলনার তেরখাদা উপজেলায় পূর্বশত্রুতার জেরে সংঘটিত সংঘর্ষে পেট্রল বোমা ও দেশীয় অস্ত্রের হামলায় দগ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। নিহত আল মামুন মোল্যা (৩৫) তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা। গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে তার ওপর পেট্রল বোমা নিক্ষেপ করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর দগ্ধ হন। স্বজনরা জানান, আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১ মার্চ দুপুরে তার মৃত্যু হয়। নিহতের চাচাতো ভাই মো. শরিফুল ইসলাম মঙ্গলবার (৩ মার্চ) তেরখাদা থানায় মামলাটি দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র, রামদা ও পেট্রল বোমা নিয়ে একদল ব্যক্তি রাস্তার ওপর অবস্থান নেয় এবং অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। মামলার অভিযোগে বলা হয়েছে, ২ নম্বর আসামি শাহাজাহান শিকদার তানভির নামে এক ব্যক্তিকে রামদা দিয়ে আঘাত করেন। পরে ৪ নম্বর আসামি দাউদ মোল্যার নির্দেশে ৮ নম্বর আসামি সাইফুল ইসলাম পেট্রল বোমা নিক্ষেপ করেন। এতে আল মামুনের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়। তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, “মামলাটি রেকর্ড করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button