মা ও শিশু বেনিফিট প্রোগ্রাম গর্ভবতী মায়েরা পাবেন আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার ঃ খুলনা নগরীর অসহায় ও সুবিধাবঞ্চিত গর্ভবতী মায়েদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে ৭৫ জন মায়ের তালিকা হস্তান্তর করা হয়েছে। “মা ও শিশু বেনিফিট প্রোগ্রাম (এমসিবিপি)” এর আওতায় অন্তর্ভুক্ত এসব মা আগামী ৩ বছর (৩৬ মাস) প্রতি মাসে ৮০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-১ এর উদ্যোগে তালিকাটি প্রস্তুত করা হয়। এ লক্ষ্যে প্রোগ্রাম টিম ওয়ার্ড কাউন্সিল অফিসে উপস্থিত থেকে গর্ভবতী মায়েদের আবেদনপত্র পূরণে সহায়তা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে।
পরবর্তীতে আবেদনকৃত ৭৫ জন গর্ভবতী মায়ের তালিকা খুলনার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুরাইয়া সিদ্দিকার কাছে হস্তান্তর করেন প্রোগ্রাম অফিসার মো. তৌহিদুল ইসলাম। তালিকা গ্রহণ করে উপ-পরিচালক সুরাইয়া সিদ্দিকা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-১ এর এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি খুলনার হতদরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জানিয়েছে, অসহায় ও সুবিধাবঞ্চিত সকল গর্ভবতী মায়েদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার লক্ষ্যে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।


