নগরীতে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন : স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ নগরীর লবনচরা থানার আমতলা এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে মহানগর স্বেচ্ছাসেবকলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া মো. হাসিব হোসেন নগরীর ৩০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি । ভুক্তভোগী মোছা. রোজিনা আক্তার বিথি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ১১(গ)/৩০ ধারায় স্বামী হাসিব হোসেন, শাশুড়ি পারুল বেগম ও ননদ রুনা বেগমকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ৮ ডিসেম্বর রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে তাদের বিয়ে হয়। বিয়ের সময় আসামিপক্ষের দাবির প্রেক্ষিতে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও আসবাবপত্র দেওয়া হয়। তাদের সাত বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই অতিরিক্ত দুই লাখ টাকা যৌতুকের দাবিতে রোজিনাকে চাপ দেওয়া হয় বলে অভিযোগ। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১ আগস্ট মারধর করে তাকে সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়া হয়। চলতি বছরের ১৪ জানুয়ারি সকালে আসামিরা রোজিনার বর্তমান বাসায় গিয়ে আবারও দুই লাখ টাকা দাবি করে। টাকা না দিলে তালাক দেওয়ার হুমকি দেওয়া হয় এবং এ সময় তাকে মারধর করা হয়। একপর্যায়ে তাদের সাত বছর বয়সী সন্তানকে নিয়ে যাওয়া হয়। আহত রোজিনাকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক তার মাথার সিটি স্ক্যানের পরামর্শ দেন বলে জানা গেছে। রোজিনা দাবি করেন, থানায় গেলে মামলা না নিয়ে আদালতে যেতে বলা হয়। পরে তিনি ট্রাইব্যুনালে মামলা করেন। এ বিষয়ে আসামিপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। মামলাটি বিচারাধীন। কেএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ওয়ারেন্ট থাকায় মো. হাসিব হোসেন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তবে তিনি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছেন কিনা জানা নেই।



