খুমেকসহ দেশের সকল সরকারি হাসপাতালে বিনামূল্যে হুইলচেয়ার ও ট্রলি সরবরাহ নিশ্চিত করতে নতুন নির্দেশনা

খুমেক থেকে শেখ মোঃ জাকিরুল ইসলাম (জাকির) ঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সকল সরকারি হাসপাতালে বিনামূল্যে হুইলচেয়ার ও ট্রলি সরবরাহ নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। উপ-সচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, হাসপাতালে আগত রোগীদের সুবিধার্থে জরুরি বিভাগের কাছাকাছি দৃশ্যমান স্থানে পর্যাপ্ত সংখ্যক হুইলচেয়ার ও ট্রলি রাখতে হবে। একই সঙ্গে সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে মর্মে স্পষ্ট নির্দেশনা বোর্ড টাঙ্গাতে হবে, যাতে রোগী ও স্বজনরা সহজেই বিষয়টি জানতে পারেন। নির্দেশনায় আরও বলা হয়, নির্দিষ্ট ইউনিফর্ম পরিহিত হাসপাতালের সেবাকর্মী বা ওয়ার্ড বয়রা হুইলচেয়ার ও ট্রলি বহনের দায়িত্ব পালন করবেন। কোনো বহিরাগত ব্যক্তি হুইলচেয়ার বা ট্রলি বহন করতে পারবে না এবং টাকার বিনিময়ে এ ধরনের সেবা প্রদান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সরকারি নির্দেশনায় হাসপাতাল প্রাঙ্গণকে দালালমুক্ত রাখার ওপর জোর দেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনে পুলিশের সহায়তা গ্রহণ এবং সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যবস্থা নিতে বলা হয়েছে। স্বাস্থ্যসেবা গ্রহণে রোগীদের ভোগান্তি কমানো এবং দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, নির্দেশনাগুলো কার্যকরভাবে বাস্তবায়ন হলে সরকারি হাসপাতালে সেবার মান আরও উন্নত হবে এবং রোগীরা হয়রানি ছাড়াই প্রয়োজনীয় সহায়তা পাবেন।



