নগরীতে ‘রহস্যজনক’ নিখোঁজ ব্যবসায়ী সুজন ‘রহস্যজনক’ ভাবেই উদ্ধার

স্টাফ রিপোর্টার : খুলনার আলোচিত রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দিনগত গভীর রাতে তাকে ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকার একটি মসজিদ থেকে রহস্যজনকভাবেই উদ্ধার করা হয়। সুজন খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানের জামাই।
শারীরিক অবস্থায় খারাপ থাকায় একটি হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকার বাড়িতে রাখা হয়েছে। উদ্ধারের সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন সুজনের বাবা কাজী আব্দুস সোবহান।
সুজনের বাবা বলেন, মঙ্গলবার রাতে ভাঙ্গা থেকে এক ব্যক্তি কল দিয়ে জানায়, সেখানের একটি মসজিদ থেকে ছেলেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নত হলে তাকে ঢাকার বাড়িতে রাখা হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন এ মুহুর্তে তার বিশ্রামের প্রয়োজন। সুস্থ্য হলে তাকে খুলনায় আনা হবে। কিভাবে সুজন নিখোঁজ এবং কিভাবে উদ্ধার করা হল তা সাংবাদিকদের সামনে সকল কিছু জানানো হবে।
খুলনা পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিনের সাথে যোগাযোগ কার হলে তিনি জানান, সকালে সুজনের বাবা কাজী আব্দুস সোবহান ফোন করে ছেলের উদ্ধার হওয়ার বিষয়টি অবগত করে এবং ছেলের জন্য দোয়া প্রার্থনা করেন। তবে সে কিভাবে উদ্ধার হল তা তাকে জিজ্ঞাসাবাদ না করে কিছু বলা সম্ভব নয়।



