স্থানীয় সংবাদ

নিউ পথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ : উদ্ধার করলো পুলিশ

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন মোল্লা বাড়ির সামনে অবস্থিত নিউ পথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এক কিশোরীকে (২৩) আটক রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার সকালে পুলিশ ওই প্রতিষ্ঠান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৮ মার্চ) রাতে ওই কিশোরীকে নিউ পথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এনে আটক রাখা হয়। পরদিন সোমবার সকালে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতিষ্ঠানের তালা ভেঙে মেয়েটিকে উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, নিউ পথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। মাদকাসক্তি নিরাময়ের আড়ালে সেখানে বিভিন্ন অপকর্ম পরিচালিত হয়ে আসছে বলেও দাবি করেন এলাকাবাসী। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নিউ পথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এক কিশোরীকে আটকে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তালা ভেঙে তাকে উদ্ধার করা হয় এবং চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া কিশোরী অভিযোগ করেছেন যে তাকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলা করার প্রস্তুতি চলছে। প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলাম শাহীন পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের জ্যেষ্ঠ উপ-পরিচালক মলয় ভূষণ চক্রবর্তী বলেন, ঘটনাটি সম্পর্কে তাকে কেউ অবহিত করেননি। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন। অন্যদিকে নিউ পথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মালিক সাইফুল ইসলাম শাহীনকে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button