খালিশপুরে মারধর করে রিক্সা ছিনতাই ছিনতাইকারী গ্রেফতার, রিক্সা উদ্ধার

স্টাফ রিপোর্টার ঃ নগরীর খালিশপুরে ছিনতাইকারীরা রিক্সা চালককে মারধর করে ছিনতাই করেছে রিক্সা। সোমবার দিবাগত রাত ১০টার দিকে খালিশপুর মদিনাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রক্তাক্ত রিক্সা চালককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ ছিনতাইকারীকে গ্রেফতারপূর্বক ছিনতাই হওয়া রিক্সা উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিমের ছেলে খুরশিদ আলম বাদী হয়ে খালিশপুর থানায় মামলা দায়ের করেছেন। এজহারে উল্লেখ করা হয়, “বাদী পিতা খালিশপুর ১নং বিহারী ক্যাম্পের বাসিন্দা মোঃ ইদ্রিস আলী ইদু (৫৫)। প্রতিদিনের ন্যায় আমার বাবা তার বাসা হতে সোমবার রিক্সা চালানোর জন্য বের হয়। রাত ১০টার দিকে আমার বাবা রিক্সা করে একজন অজ্ঞাতনামা যাত্রী নিয়ে মুজগুন্নি থেকে বাস্তহারা বাইপাস সড়কের দিকে যাচ্ছিল। রাত সাড়ে ১০টার দিকে খালিশপুর মদিনাবাগ আবাসিক বাইপাস লিংক রোড জনৈক সাইফুল চৌধুরীর নির্মাণাধীন ভবনের সামনে কাঁচা রাস্তার উপর পৌঁছালে অজ্ঞাতনামা যাত্রী রিক্সা থেকে নামার সাথে সাথে আরেকজন অজ্ঞাতনামা ব্যক্তি এসে দু’জন মিলে আমার বাবার মাথায় একাধিক আঘাত করে গুরুতর জখম করে ও কানের উপরে লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে তার ব্যাটারিচালিত রিক্সাটি, যার অনুমান মূল্য পঞ্চান্ন হাজার টাকা নিয়ে চলে যেতে থাকে। এক পর্যায়ে আমার বাবার ডাক চিৎকার শুনে তাৎক্ষনিক এলাকার লোকজন এগিয়ে এসে ধাওয়া দিয়ে ব্যাটারিচালিত রিক্সাসহ একজন ব্যক্তিকে আটক করে। অপরজন দৌড়ে পালিয়ে যায়। পরর্বতীতে, স্থানীয় লোকজন খালিশপুর থানায় সংবাদ দিলে পুলিশ এসে ধৃত ব্যক্তিকে হেফাজতে নেয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি তার নাম মোঃ আবু হুরাইরা ওরফে রাসেল (২৩)। সে সোনাডাঙ্গা হাফিজনগরের বাসিন্দা মেঃ রফিকুজ্জমানের ছেলে। ধৃত ব্যক্তিকে পুলিশ থানায় নিয়ে যায় এবং আমার বাবাকে স্থানীয় লোকজনের সহায়তায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।” খালিশপুর থানা ওসি তৌহিদুজ্জামান বলেন, ছিনতাইকারী গ্রেফতারপূর্বক রিক্সা উদ্ধার করা হয়েছে।



