মৌলভীবাজারে গাছ ভেঙে অটোরিকশার ওপর : নারীর মৃত্যু

প্রবাহ রিপোর্ট ঃ মৌলভীবাজারের বড়লেখায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মৃত গাছ ভেঙে সিএনজি চালিত অটোরিকশার ওপর পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী ও অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার বারইগ্রাম এলাকায় বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুন নেছা (৫০) সুড়িকান্দি গ্রামের জমির উদ্দিনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দাসেরবাজারগামী একটি অটোরিকশা বারইগ্রাম এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা একটি মৃত গাছ হঠাৎ ভেঙে গাড়িটির ওপর পড়ে। এতে চালকসহ যাত্রী আজিজুন নেছা ও তার স্বামী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুন নেছাকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশা চালক রুবেল আহমেদ (৩২) ও জমির উদ্দিন (৬০) কে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিলাদ আহমদ জানান, গাছ পড়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যান। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে। শপিংয়ের কথা বলে ডেকে নিয়ে প্রেমিকার গলা কাটলেন প্রেমিক, হাসপাতালে মৃত্যু ঈদ শপিংয়ের কথা বলে ডেকে নিয়ে প্রেমিকার গলা কেটে পালিয়েছেন এক যুবক। পরে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতালে তার মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত প্রিয়া আক্তার (২০) উপজেলার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের সাইদ বেপারীর মেয়ে। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। নিহত প্রিয়া আক্তার কালকিনি উপজেলার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের সাইদ বেপারীর মেয়ে। জানা গেছে, গত শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ঈদ শপিংয়ের কথা বলে প্রেমিকা প্রিয়াকে বাড়ি থেকে ডেকে নেন তার কথিত প্রেমিক বায়জিদ। পরে ভুরঘাটা এলাকায় তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে প্রিয়ার গলায় আঘাত করেন বায়জিদ। এতে প্রিয়ার গলার একটি বড় অংশ কেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। ঘটনার পর অভিযুক্ত বায়জিদ তার খালা তমাকে সঙ্গে নিয়ে আহত প্রিয়াকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে কৌশলে পালিয়ে যায়। এ সময় প্রিয়ার ব্যবহৃত মোবাইল ফোনও নিয়ে যায় তারা। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। নিহত প্রিয়ার পরিবার এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত প্রেমিক বায়জিদ পলাতক রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



